অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনে কোয়ালকমের পাশাপাশি দীর্ঘদিন থেকে মিডিয়াটেকের প্রসেসরও ব্যবহূত হচ্ছে। বাজারে আগে শীর্ষ অবস্থানে থাকলেও কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের দাপটে অনেকটা বাজার হারায় মিডিয়াটেক। চলতি বছর ৪০ শতাংশ বাজার হিস্যা নিয়ে পুনরায় নেতৃস্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজ কম্পিউটারের জন্য চিপ উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে তাইওয়ানের এ প্রতিষ্ঠান। খবর গিজমোচায়না।
বর্তমানে কম্পিউটার উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো ৮৬ বিট থেকে এআরএম চিপে স্থানান্তরিত হতে চাচ্ছে। এ সুযোগটি হাতছাড়া করবে না মিডিয়াটেক। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি কম্পিউটারের জন্য এআরএম ভিত্তিক চিপ উৎপাদন ও বাজারজাতের ব্যাপারে আশা প্রকাশ করেছে।
এরই মধ্যে প্রতিষ্ঠানটি কম্পিউটার বাজারে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। সাশ্রয়ী মূল্যের বা এন্ট্রি লেভেলের ক্রোমবুকের জন্য প্রসেসর সরবরাহ করছে মিডিয়াটেক। কিন্তু কম্পিউটারের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হলে প্রতিষ্ঠানটিকে নিজেদের যোগ্যতার বিষয়টি তুলে ধরতে হবে।
কম্পিউটারের চিপ উৎপাদনের পাশাপাশি তাইওয়ানের প্রতিষ্ঠানটি ইন্টেলের চিপ সংবলিত কম্পিউটারের জন্য ফাইভজি মডেম উৎপাদনের কাজ করে যাচ্ছে। ২০১৯ সালে এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
কম্পিউটারের জন্য মিডিয়াটেকের চিপ উৎপাদনের বিষয়টি অবশ্যম্ভাবী মনে হলেও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের আশা, কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে মিডিয়াটেকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।










