ক্রোম অপারেটিং সিস্টেমের (ওএস) ১০১ ডেভেলপার চ্যানেলে ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের (ভিআরআর) পরীক্ষা চালাচ্ছে গুগল। কেভিন টোফেল প্রথম ক্রোমবুকে এটির সন্ধান পান। খবর দ্য ভার্জ।
পরিবর্তনশীল রিফ্রেশ রেট ফিচার ব্যবহারের জন্য একজন ইউজারকে ক্রোমফ্ল্যাগস থেকে এনাবল ভেরিয়েবল রিফ্রেশ রেট ফ্ল্যাগ চালু করতে হবে। গুগল নির্ধারিত ডিভাইসে এটি ব্যবহার করা যাবে। ভিআরআর ডিসপ্লের রিফ্রেশ রেটের সঙ্গে ফ্রেমের সমন্বয়ের মাধ্যমে স্ক্রিন টিয়ারিং বা ফ্রেম ড্রপ প্রতিরোধে কাজ করে।
পরিবর্তনশীল রিফ্রেশ রেটের পরীক্ষাটি ক্রোম অপারেটিং সিস্টেম ডিভাইসে উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি গুগল ক্রোম ওএসে স্টিম চালুর ঘোষণাও দিয়েছে। বাজারে নতুন তিনটি গেমিং ক্রোমবুক বাজারজাতের বিষয়েও গুঞ্জন চলছে। অন্যদিকে ভিআরআর সাপোর্ট ফিচারটি ক্রোম অপারেটিং-সংবলিত ভবিষ্যৎ ট্যাবলেট ডিভাইসগুলোয় পরিবর্তনশীল রিফ্রেশ রেট থাকার বিষয়টি চিহ্নিত করছে।
ক্রোম অপারেটিং সিস্টেমের মাধ্যমে ট্যাব চালাতে হলে এসব ডিভাইসে প্রধান ফিচার হিসেবে ভিআরআর রাখতে হবে। কেননা স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৮-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। অন্যদিকে আইপ্যাড প্রোতে প্রোমোশন সাপোর্ট দেয়া হয়েছে। যেটি ব্যবহারকারীদের আরো আরামদায়ক স্ক্রলিং অ্যানিমেশন অভিজ্ঞতা দেয়।










