গুগলের থার্ড পার্টি পেমেন্ট সিস্টেমের সমালোচনা করেছে এপিক গেমস। বিশ্বের বিভিন্ন দেশের চাপের মুখে গুগল স্পটিফাইয়ের মাধ্যমে প্রথম থার্ড পার্টি পেমেন্ট সিস্টেমের জন্য পাইলট প্রোগ্রাম পরিচালনার ঘোষণা দিয়েছিল। খবর গ্যাজেটসনাউ।
স্পটিফাইয়ে পরীক্ষার মাধ্যমে পেমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দেয়ার পর পরই ফোর্টনাইটের ডেভেলপার প্রতিষ্ঠান এপিক গেমস পদ্ধতিটির বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে। দ্য ভার্জে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্লেস্টোর থেকে ফোর্টনাইট গেম অপসারণ ও পেমেন্ট সিস্টেমের জন্য ডেভেলপার প্রতিষ্ঠানটি গুগলের বিরুদ্ধে মামলা করে। প্রতিষ্ঠানটি বর্তমানে স্বচ্ছ অ্যাপ ইকোসিস্টেমের জন্য প্রযুক্তি জায়ান্টদের পরামর্শ দেয়া অব্যাহত রাখবে।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে এপিকের পাবলিক পলিসি বিভাগের ভিপি করি রাইট বলেন, অ্যাপল ও গুগল বাজারে তাদের ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছে। তারা এমন সব নীতি গ্রহণ করছে, যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত করছে, পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে এবং গ্রাহকদের পছন্দে বিরূপ প্রভাব ফেলছে।
তিনি আরো বলেন, একটি চুক্তি সম্পাদন করলেই সেটি প্রতিযোগিতাপূর্ণ বাজারে স্থিতিশীল অবস্থা তৈরি করবে না। আমরা সব ডেভেলপার ও ভোক্তার জন্য স্বচ্ছ ও উন্মুক্ত প্লাটফর্ম নিশ্চিতে লড়াই চালিয়ে যাব।
গুগল থার্ড পার্টি পেমেন্ট চালুর ক্ষেত্রে যে পাইলট প্রোগ্রাম চুলার উদ্যোগ নিয়েছে সে তালিকায় এপিক নেই। চলতি সপ্তাহের শুরুতেই পাইলট প্রোগ্রামের ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। যেখানে নির্দিষ্ট সংখ্যক ছোট ডেভেলপারদের গুগলের নিজস্ব পেমেন্ট পদ্ধতির পাশাপাশি আলাদা পদ্ধতি ব্যবহারের সুবিধা দেয়া হবে।
গুগলের প্রোডাক্ট ম্যানেজম্যান্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট সামির সামাত বলেন, গুগল প্লে থেকে কোনো অ্যাপ ইনস্টলের পর ব্যবহারকারীরা যেন সেখানকার নিজস্ব পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারে সে সুবিধা চালু থাকা উচিত।
গুগল জানায়, একাধিক পেমেন্ট পদ্ধতি যুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ডেভেলপারের সঙ্গে চুক্তি করবে। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্পটিফাইয়ের সঙ্গে কাজ করবে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের অন্যতম বৃহৎ সাবস্ক্রিপশন নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে অ্যাপটি ব্যবহারের সুবিধা থাকায় স্বাভাবিকভাবেই তারা আমাদের প্রথম অংশীদার প্লাটফর্ম









