স্ন্যাপড্রাগনের ব্র্যান্ডিংয়ে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা জায়ান্ট কোয়ালকম। পাশাপাশি চিপের নামকরণের ক্ষেত্রে তিন সংখ্যার যে পদ্ধতি রয়েছে সেখানেও পরিবর্তন আনবে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

স্ন্যাপড্রাগনকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে নামকরণ করেছে কোয়ালকম। এক ব্লগপোস্টে ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, আমরা কোয়ালকম ও স্ন্যাপড্রাগনকে আলাদা করে দিয়েছি। সামনের দিনগুলোতে স্ন্যাপড্রাগন স্বতন্ত্র ব্র্যান্ড হবে এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কোয়ালকমের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

বিভিন্ন ক্যাটাগরিতে চিপের নামকরণের বিষয়টি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পরিবর্তন। বর্তমানে প্রতিষ্ঠানটি নামকরণের ক্ষেত্রে তিন সংখ্যার পদ্ধতি ব্যবহার করে থাকে। এন্ট্রি লেভেলে ৪০০ সিরিজ, মিড রেঞ্জে ৬০০ ও ৭০০ এবং হাই এন্ডে ৮০০ সিরিজে নামকরণ করা হয়ে থাকে। এছাড়া সংখ্যা পদ্ধতিতে পরবর্তী প্রজন্মের ভার্সনের বিষয়েও তথ্য পাওয়া যায়।

এখন থেকে প্রতিষ্ঠানটি নামকরণের ক্ষেত্রে কম্পিউটারের প্রসেসরের মতো একক সংখ্যার নামকরণ রীতি অনুসরণ করবে। যেমন স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ২ বা ৭সি ২। স্ন্যাপড্রাগন ৮৯৮ নামে যে ফ্ল্যাগশিপ প্রসেসর আসার কথা রয়েছে সেটিকে ৮ সিরিজ নামে বাজারে উন্মুক্ত করা হবে।

প্রতিষ্ঠানটি জানায়, আমাদের প্লাটফর্মের জন্য নামকরণের সহজ ও সামঞ্জস্যপূর্ণ কাঠামো গ্রাহকদের নির্দ্বিধায় তাদের পছন্দের ডিভাইস ক্রয়ে সহায়ক হবে। অর্থাৎ আমাদের মোবাইল প্রসেসরের প্লাটফর্ম এক সংখ্যার সিরিজ ও জেনারেশন নম্বরে রূপান্তরিত হবে এবং অন্যান্য পণ্যের সঙ্গে সারিবদ্ধ হবে।