ইউরোপের প্রিমিয়াম টিভি বাজারে ওলেড টিভির হিস্যা বাড়ছে। এতে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি ও স্যামসাংয়ের প্রভাব লক্ষণীয়। সম্প্রতি জার্মানিতে আয়োজিত আইএফএ প্রদর্শনীতে দেখা যাচ্ছে ওলেড টিভি এখন সবচেয়ে জনপ্রিয়। ইউরোপের ওলেড টিভি বাজারে এলজি ইলেকট্রনিকসের হিস্যা ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বিজনেস কোরিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৯৭৩ সাল থেকে ইউরোপের বৃহত্তম ভোক্তা ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করে আসছে সোসাইটি ফর দ্য প্রমোশন অব কনজিউমার ইলেকট্রনিকস ইন জার্মানি বা জিএফও।

চলতি বছরের প্রথমার্ধে জার্মানিতে ১৬০ কোটি ইউরোর টিভি বিক্রি হয়েছে। এর মধ্যে ওলেড টিভির হিস্যা ছিল ২৯ শতাংশ। ২০২১ সালের একই সময়ের চেয়ে ওলেড টিভির হিস্যা বেড়েছে ৭ শতাংশীয় পয়েন্ট। গত বছর জার্মানিতে ওলেড টিভি বিক্রি ২৪ শতাংশ বেড়ে ১১০ ইউরোতে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো ১০০ কোটি ইউরোর সীমা অতিক্রম করেছিল ওলেড টিভি খাত।

বাজার বিশ্লেষক সংস্থা ওমদিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বৈশ্বিক ২১ কোটি ৩৫ লাখ ইউনিট টিভির ২৩ শতাংশ বিক্রি হয়েছে ইউরোপে। ১ হাজার ৫০০ ডলারের বেশি দামের প্রিমিয়াম টিভির প্রধান বাজার ইউরোপ। গত বছর বৈশ্বিক ওলেড টিভির ৪৪ শতাংশ বা ২৯ লাখ ইউনিট বিক্রি হয়েছে ইউরোপে। চলতি বছর ওলেড টিভি বিক্রি ৩৪ লাখ ইউনিটে দাঁড়াতে পারে, যা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি।