রাশিয়ার রাষ্ট্র সমর্থিত সম্প্রচারমাধ্যম আরটির জার্মান ভাষার ইউটিউব চ্যানেল ফেরতের দাবি জানিয়েছে দেশটি। সম্প্রতি গুগলের কর্তাব্যক্তিদের কাছে এ আহ্বান রেখেছেন মস্কোর যোগাযোগ বিভাগের নীতিনির্ধারকরা। খবর রয়টার্স।
ইউটিউবের প্যারেন্ট প্রতিষ্ঠান গুগলের সঙ্গে বেশকিছু ইস্যুতে বিরোধ রয়েছে ক্রেমলিনের। তার মধ্যে রয়েছে নিষিদ্ধ কনটেন্ট না সরানোর অভিযোগ।
আরটি জানায়, চালু করার ৫ ঘণ্টা পরই বৃহস্পতিবার তাদের নতুন চ্যানেল ‘আরটি আউফ সেন্ডাং’
বন্ধ করে দেয়া হয়। নিষেধাজ্ঞা ভঙ্গ করে নাকি চ্যানেলটি চালু করা হয়েছে, সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সার্চ ইঞ্জিন জায়ান্টটি।
গত সেপ্টেম্বরে কভিড-১৯ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে আরটির জার্মান ভাষার চ্যানেল মুছে দেয় ইউটিউব। সে সময়ে ইউটিউব ব্লক করার হুমকিও দেয় রাশিয়া। মস্কোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক রসকমনাজোর জানিয়েছে, গুগলকে পাঠানো চিঠিতে তারা নিষেধাজ্ঞার ব্যাখ্যা চেয়েছেন এবং নিষেধাজ্ঞাকে সেন্সরশিপের কাজ হিসেবে অভিহিত করেছেন।
অবশ্য ইউটিউবের কমিউনিটি নির্দেশনায় বলা আছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের চ্যানেল বন্ধ করা হয়েছে, তারা আর কোনো ইউটিউব চ্যানেল বা অ্যাকাউন্ট ব্যবহার, মালিকানা বা তৈরি করতে পারবেন না। বন্ধ করার ব্যাখ্যা চ্যানেলের মালিকদের ই-মেইলে পাঠানো হয়।










