নতুন প্রস্তাবিত আইনের অংশ হিসেবে সম্ভাব্য সামরিক শক্তিসম্পন্ন পেটেন্ট গোপনে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেবে জাপান সরকার। সম্প্রতি নিক্কেই এশিয়া প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

ফাইন্যান্সিয়াল ডেইলির তথ্যানুযায়ী, প্রস্তাবিত অর্থনৈতিক নিরাপত্তা আইনে পর্যালোচনাধীন পেটেন্টগুলোয় এমন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে, যা পারমাণবিক অস্ত্র বিকাশে সহায়তা করতে পারে। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক উদ্ভাবন।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব ও পেটেন্ট অফিসে যোগাযোগ করা হলে অফিস সময়ের বাইরে কোনা মন্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করা হয়। গত মাসে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে নীতিগত অগ্রাধিকার প্রদানের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিবেদনে নিক্কেই আরো জানায়, যেসব প্রতিষ্ঠান আইনের অধীনে থাকবে তাদের ২০ বছরের ক্ষতিপূরণ দেবে জাপান সরকার। ২০২২ সালের শুরুতেই প্রস্তাবিত নতুন আইনের কাঠামো প্রকাশ করা হবে এবং ২০২৩ অর্থবছরের এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হবে।