শিক্ষার্থীদের জন্য আবারো আয়োজিত হতে যাচ্ছে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’। আগ্রহীদের জন্য প্রোগ্রামের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। এপ্রিলের শুরু থেকেই নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত রয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের মাধ্যমে বিনামূল্যে এ প্রোগ্রামে নিবন্ধন করতে পারবেন।

‘সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশ’-এর শুরুতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোয় রোড শো আয়োজন করা হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) দুটি রোড শো অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানগুলোয় যথাক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিস আহমেদ, আইইউটির উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লিজংশেং। এ সময় ঢাবি ও আইইউটির বিভিন্ন অনুষদ সদস্য এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    

‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সুযোগ তৈরি করেছে, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিস আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা অনেক বছর থেকেই এ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত। আইসিটি বিশ্বের সমসাময়িক নানা বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের জানার সুযোগ করে দিচ্ছে হুয়াওয়ের এ প্রোগ্রাম। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেসব বিষয় জানেন না, সেসব বিষয় সম্পর্কে জানার আগ্রহ বোধ করেন। দেশে দক্ষ জনশক্তি তৈরিতে উল্লেখযোগ্যভবে অবদান রাখছে এ প্রোগ্রাম, যার মাধ্যমে এ জনশক্তি দেশের টেলিযোগাযোগ খাতের আধুনিকায়নে কাজ করছে।

আইইউটির রোড শোতে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার অত্যন্ত চমত্কার ও ফলপ্রসূ একটি প্রোগ্রাম। গত বছর আইইউটি তৃতীয়বারের মতো এ প্রোগ্রামে অংশগ্রহণ করে। জ্ঞানের পরিসর, উদ্ভাবনী মানসিকতা ও নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ নিয়ে সম্পৃক্ত হয়েছেন। এ বছরও আমি আমাদের শিক্ষার্থীদের এ প্রোগ্রামে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম সিডস ফর দ্য ফিউচার শীর্ষ পর্যায়ের স্টেম ও নন-স্টেম শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে এবং তাদের উৎসাহদানে কাজ করে। ২০১৪ সালে বাংলাদেশে প্রথম শুরু হওয়া এ প্রোগ্রামের যাত্রার শুরু থেকেই আইসিটি ট্যালেন্টদের মেধা বিকাশে কাজ করে চলেছে এবং একাডেমিক ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ বছর হুয়াওয়ে অষ্টমবারের মতো এ প্রোগ্রাম আয়োজন করবে।

চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) প্রোগ্রামে অংশগ্রহণ করছে। হুয়াওয়ে ও বিশ্ববিদ্যালয়গুলোর সুবিধা সাপেক্ষে রোড শো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হবে।