সম্প্রতি বাজারে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন উন্মুক্ত করেছে মার্কিন সার্চ ইঞ্জিন ও অপারেটিং সিস্টেম জায়ান্ট গুগল। এর পর পরই স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের হ্যান্ডসেটগুলোতে নতুন ভার্সন আপডেট করার উদ্যোগ গ্রহণ করেছে। এবার এ তালিকায় যুক্ত হলো তাইওয়ানভিত্তিক প্রযুক্তি জায়ান্ট আসুস। খবর গিজমোচায়না।

২০২২ সালের প্রথমার্ধের মধ্যে তাইওয়ানের এ প্রতিষ্ঠান তাদের ছয়টি স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ১২-তে উন্নীত করবে বলে জানা গেছে। অনেক আগেই সাশ্রয়ী মূল্যের ও মিড রেঞ্জের স্মার্টফোন বাজারজাত থেকে সরে এসেছে আসুস। বর্তমানে প্রতিষ্ঠানটি কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন জেনফোন এবং রগ সিরিজের স্মার্টফোন উৎপাদন ও বাজারজাত করে থাকে।

আসুস এখন অ্যান্ড্রয়েডের দুটি আপডেট দেয়ার নীতি অনুসরণ করে। ফলে জেনফোন ৬ ও রগ ফোন ২-তে অ্যান্ড্রয়েড ১২ আপডেট আসবে না। তবে যেখানে অন্যান্য স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এক্সডিএ ডেভেলপারসের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, নতুন আপডেটের মাধ্যমে জেনইউআই, ব্যাটারি ও এর কার্যক্ষমতায় বেশকিছু পরিবর্তন আনা হবে। ডিসেম্বরের শুরু থেকে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১২ আপডেট দেয়া শুরু হবে বলে জানা গেছে। জেনফোন ৮ ও জেনফোন ৮ ফ্লিপে প্রথম এ আপডেট দেয়া হবে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে রগ ফোন ৫ ও ৫ এসে এবং ২০২২ সালের প্রথমার্ধের কিছু পর জেনফোন ৭ ও রগ ফোন ৩-তে এ আপডেট আনা হবে।