মাইক্রোচিপ কারখানা স্থাপনে ৯০০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইন্টেল। কারখানায় বিনিয়োগের ১০ শতাংশ ইতালির ভাগে পড়বে বলেও জানা গেছে। খবর রয়টার্স।

আগামী এক দশকে ইউরোপে অত্যাধুনিক কারখানা স্থাপনে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে আসছিল মার্কিন চিপ জায়ান্টটি। এর আগে বিনিয়োগের আকার ৪৫০ থেকে ৯০০ কোটি ডলারের মধ্যে হওয়ার কথা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইতালি ছাড়াও ইন্টেলের সঙ্গে যৌথভাবে চিপ কারখানা স্থাপনে আলোচনা চালিয়েছে জার্মানি ও ফ্রান্স।

বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গেছে, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকারের সঙ্গে ১০ বছরে ৯০০ কোটি ডলারের বিনিয়োগ প্যাকেজ নিয়ে আলোচনা করেছে ইন্টেল। নির্মাণকাজ শুরু হওয়ার সময় থেকে বিনিয়োগের ১০ বছরের মেয়াদ শুরু হবে। ইতালি সরকার এ বিষয়ে সব রকম খুঁটিনাটিসহ এক পূর্ণাঙ্গ প্রস্তাবনা চাইছে। আর সেটি স্বাক্ষরের পরই কারখানার জন্য একটি জায়গা ঠিক করা হবে।