৪ লাখ ৫০ হাজারের বেশি ব্যবহারকারী থাকা সত্ত্বেও ব্রাউজার থেকে বেশকিছু জনপ্রিয় অ্যাড-অনস সরিয়ে দিয়েছে মজিলার ফায়ারফক্স টিম। পাশাপাশি এসব অ্যাড-অনসের প্রবেশাধিকারও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর টেক রাডার।

ফায়ারফক্সের ডেভেলপাররা দেখতে পান যে এ অ্যাড-অনসগুলো ব্রাউজারে থাকা প্রক্সি এপিআই ব্যবহার করছে। ফলে ইন্টারনেটে সংযোগের ক্ষেত্রে এগুলো বিভিন্ন সুবিধা পাচ্ছিল।

এক ব্লগপোস্টে মজিলার র‌্যাচেল টাবলিটজ ও স্টুয়ার্ট কলভিল বলেন, অ্যাড-অনসগুলো প্রক্সি এপিআই ব্যবহারের মাধ্যমে ব্রাউজারের আপডেট কার্যক্রমে বাধার সৃষ্টি করেছে। মূলত অ্যাড-অনসগুলো ব্যবহারকারীদের ব্রাউজারের আপডেট ডাউনলোড বন্ধের পাশাপাশি, আপডেটেড ব্লকলিস্ট ও ফায়ারফক্সের অন্যান্য কনটেন্টে প্রবেশে বাধা দিত।

মজিলা ফায়ারফক্সের ডেভেলপাররা যখন এ অ্যাড-অনসের বিষয়ে জানতে পারে তখনই সেগুলো অপারণ করে। সেই সঙ্গে যেসব অ্যাড-অনস প্রক্সি এপিআই ব্যবহার করে সেগুলোর আবেদনও নাকচ করা শুরু করে। সমস্যার স্থায়ী কোনো সমাধান না আসা পর্যন্ত এসব অ্যাড-অনসের কার্যক্রম বন্ধ থাকবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।