কোনো ছবি বা ভিডিওতে থাকা মুখ চেনার পদ্ধতি বা ফেস রিকগনিশন সফটওয়্যার আর ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছে ফেসবুক।
মুখ চেনা প্রযুক্তির নীতি নিয়ে অনেকে বাড়তি উদ্বেগ দেখানোয় এই সিদ্ধান্ত নিচ্ছে ফেসবুক। পাশাপাশি এই প্রযুক্তিটির ব্যক্তিগত গোপনীয়তা, জাতিগত পক্ষপাত ও যথাযথতা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।
ব্যবহারকারীর নিরাপত্তা ও প্ল্যাটফর্মগুলিতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর বেশ সমালোচনার মধ্যে রয়েছে ফেসবুক। এর মধ্যেই এমন ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাপ ব্যবহারকারীরা চাইলে একটি ফিচার চালু করে নিতে পারেন যেটা ছবিতে তাদের চেহারা স্ক্যান করবে এবং এই প্ল্যাটফর্মে অন্য কেউ তার কোনো ছবি আপলোড করলে তাকে নোটিফিকেশন দেবে। সেটাকেই বলা হয় ফেস রিকগনিশন সিস্টেম।
একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তার ভাইস প্রেসিডেন্ট জেরোমি পেসেন্তি বলেন, চলমান অনিশ্চয়তার মধ্যে, ফেস রিকগনিশনের ব্যবহারকে একটি সংকীর্ণ ব্যবহারে সীমাবদ্ধ রাখাটাই ঠিক হবে বলে আমাদের বিশ্বাস। সেজন্যই এটি আপাতত সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ করা হচ্ছে।
তবে নিজেদের অন্যান্য মাধ্যমগুলোতে প্রযুক্তিটি ব্যবহার করার কথা অস্বীকার করেনি ফেসবুক। এখনও এটিকে পরিচয় যাচাইয়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে দেখছে তারা।










