ভুল বা ভুয়া তথ্যের কনটেন্ট অপসারণে অন্যান্য প্লাটফর্মের তুলনায় পিন্টারেস্টের সুনাম বিস্তৃত। এর অংশ হিসেবে এবার জলবায়ুসংক্রান্ত ভুল তথ্য অপসারণের উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
সামাজিক মাধ্যমটি জলবায়ুসংক্রান্ত ভুল তথ্যের প্রচার বন্ধে নতুন নীতিমালা গ্রহণ করেছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অস্বীকার করা, জলবায়ু পরিবর্তন রোধে মিথ্যা সমাধানের দাবি, বৈজ্ঞানিক তথ্যের অপব্যাখ্যা, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বানোয়াট বিবৃতিও অন্তর্গত। মূলত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যার বিরোধিতা করলে বা মত দিলেই সেগুলো অপসারণ করা হবে।
পিন্টারেস্টের বিজ্ঞাপনসংক্রান্ত নীতিমালায় জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ভুল তথ্য ও ষড়যন্ত্রমূলক কনটেন্ট প্রচারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ক্লাইমেট ডিজইনফরমেশন কোয়ালিশন অ্যান্ড কনসাস অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কের অভিজ্ঞদের সহযোগিতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে ভুয়া তথ্যের প্রচার বন্ধে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দাবি জানিয়েছে পিন্টারেস্ট। কিছু ক্ষেত্রে বক্তব্যটি সত্য। মেটা মালিকানাধীন ফেসবুক শুধু ভুল তথ্যের বিস্তৃতি বন্ধে কাজ করে। কপ২৬ সম্মেলনে টুইটার মিথ্যা তথ্যের প্রচার বন্ধে উদ্যোগ গ্রহণের কথা জানালেও পরবর্তী সময়ে সেখান থেকে সরে আসে। অন্যদিকে যারা জলবায়ু পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে, ইউটিউব তাদের ভিডিও মনিটাইজ করা থেকে বিরত থাকে।










