অভ্যন্তরীণ পর্যায়ে ল্যাপটপ, ট্যাবলেটসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের গতি বাড়াতে ভর্তুকি দেয়ার বিষয়ে আলোচনা করছেন রাশিয়ার খুচরা ব্যবসায়ী ও পণ্য উৎপাদনকারীরা। দেশটির গণমাধ্যমে কমারস্যান্ট প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর গিজচায়না।

দেশটির খুচরা ব্যবসায়ীরা জানান, ভর্তুকি দেয়ার এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে গ্রাহক পর্যায়ে রাশিয়ান ব্র্যান্ডগুলোর বাজার ও গ্রহণযোগ্যতা বাড়বে। রাশিয়ার প্রযুক্তিবাজারে উল্লেখযোগ্য পরিমাণ রাশিয়ান নোটবুক ও ট্যাবলেট রয়েছে। তবে এসব পণ্য সে রকম জনপ্রিয়তা পায়নি। যেহেতু দেশটির সরকার নিজস্ব উৎপাদিত নোটবুক ও ট্যাবলেটের পরিচিতি বাড়াতে চাইছে সেজন্য ব্র্যান্ডগুলোকে আরো কিছু পদক্ষেপ নিতে হবে।

অধিকাংশ রাশিয়ান ব্র্যান্ডের বক্তব্য, ব্যাপক উৎপাদনের জন্য তাদের রেয়াতি ঋণ সুবিধা প্রয়োজন। তাদের দাবি, বর্তমানে প্রযুক্তিবাজারে যেসব প্রতিষ্ঠানের পণ্য রয়েছে দামের দিক থেকে সেগুলোর সঙ্গে তারা পেরে উঠবে না। কমারস্যান্টের রাশিয়া সরকার-সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, দেশটির ডিজিটাল মন্ত্রণালয় অ্যাকুয়ারিস, ইয়াদ্রো, আইসিএলের মতো রাশিয়ার বড় ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী ও খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্যাবলেট, ল্যাপটপ ও সিস্টেম ইউনিটের খুচরা বাজার তৈরিতে আলোচনা করছে।

অভ্যন্তরীণ একটি সূত্রের তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ে প্রতি বছর রাশিয়া সরকার ভর্তুকি বাবদ ১০০ কোটি রুবল বা ১ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করবে। অন্যদিকে বড় চেইনগুলো রাশিয়ান ইলেকট্রনিকস পণ্য বিক্রিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে ব্র্যান্ডগুলোর প্রচারণায় তাদের সরকারি সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। ভোক্তাদের অন্তত দেশীয় পণ্য সম্পর্কে অনুপ্রাণিত করা উচিত বলেও জানানো হয়।