প্রতিযোগিতাবিরোধী কার্যক্রমের জন্য আলফাবেট মালিকানাধীন গুগলকে ১৩ দশমিক ৩৮ বিলিয়ন রুপি বা ১৬ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছে ভারতের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিবর্তনের নির্দেশ দিয়েছে। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়া।
ভারতের কম্পিটিশন কমিশন (সিসিআই) জানায়, গুগল মোবাইল ওয়েব ব্রাউজারের পাশাপাশি অনলাইন ভিডিও হোস্টিংয়ে ক্রোম ও ইউটিউবের মতো অ্যাপের অবস্থান রক্ষায় সক্ষমতার অপব্যবহার করেছে। বিশেষ করে অনলাইন সার্চ ও অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ স্টোরের মতো বাজারে তার প্রভাবশালী অবস্থান তৈরি করেছে। এক বিবৃতিতে সিসিআই জানায়, যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগিতা করতে দেয়া উচিত। সেই সঙ্গে প্রভাবশালী প্রতিষ্ঠানের কোনো আচরণ যেন প্রতিযোগিতার বাজারে বিরূপ প্রভাব না ফেলে সেটিও নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্টটি বর্তমানে একাধিক মামলার মুখে রয়েছে। সেই সঙ্গে প্রযুক্তি খাতে ভারতের ক্রমবর্ধমান বিধিনিষেধের আওতায়ও আসছে। অ্যান্ড্রয়েড প্লাটফর্মের অপব্যবহারের পাশাপাশি প্রতিযোগিতা নিয়ন্ত্রক কমিশন আলাদাভাবে স্মার্ট টেলিভিশনের বাজারের গুগলের ব্যবসায়িক কার্যক্রম ও ইন-অ্যাপ পেমেন্ট পদ্ধতিও তদারকি করছে।










