ব্যক্তিগত কম্পিউটারের ল্যাপটপ সেগমেন্টে ক্রোমবুকের বিক্রি ব্যাপকভাবে কমেছে। ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার এ মৌসুমে ক্রোমবুক বিক্রিতে পতনের পেছনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরা ভূমিকা রেখেছে। বছর দেড়েক ধরে চলা করোনা মহামারীতে ক্রোমবুকের বড় গ্রাহকশ্রেণীর মধ্যে ছিল শিক্ষার্থীরা। খবর টেক রাডার।
২০২০ সালে করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় বাসা থেকে ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে ক্রোমবুকের ওপর বড় আকারে নির্ভরশীল ছিল শিক্ষার্থীরা।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস বলছে, বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি বছরওয়ারি কমেছে ২ শতাংশ। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে মোট পিসি বিক্রির ১৮ শতাংশ ছিল ক্রোমবুক। কিন্তু তৃতীয় প্রান্তিকে এ হার দাঁড়িয়েছে মাত্র ৯ শতাংশ।
ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, ক্রোমবুকের বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ক্রোমবুক বিক্রি কমেছে ৩৭ শতাংশ। যুক্তরাষ্ট্র ও জাপানের মতো অর্থনীতিগুলোর ডিজিটাল শিক্ষা কর্মসূচিতে বিনিয়োগ কমতে থাকায় ক্রোমবুক পিসি বিক্রিতে প্রভাব পড়েছে।
ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের কেনাকাটার মৌসুম শুরুর এক মাসেরও কম সময় আগে ক্রোমবুকের চাহিদায় পতন দেখা যাচ্ছে। বছরের এ কয়েকটি ইভেন্টে সাধারণত ল্যাপটপ ও ক্রোমবুক বিক্রি সর্বোচ্চ হয়। চলতি মাসের শেষের দিকে ব্ল্যাক ফ্রাইডেতে বড় অংকের ক্রোমবুক বিক্রির আশা দেখছেন না সংশ্লিষ্টরা। লকডাউনে যারা একবার ক্রোমবুক বা ল্যাপটপ কিনেছেন, তারা ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডেতে আবার কিনবেন—এ সংখ্যাটা ছোট।










