স্যামসাং ক্লাউডের বেশকিছু ফিচার বন্ধ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। প্রতিষ্ঠানটি তাদের ক্লাউড ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বন্ধ হওয়া ফিচারগুলোর মধ্যে থাকছে গ্যালারি সিনক্রোনাইজ এবং মাই ফাইলসের ড্রাইভ স্টোরেজ। খবর গ্যাজেটস নাউ।
নোটিসে জানানো হয়, ৩০ নভেম্বরের পর এই ক্লাউড ডাটাগুলো মুছে যাবে। আবার যাদের প্রিমিয়াম স্টোরেজ সাবস্ক্রিপশন আছে, সেটাও বাতিল হয়ে যাবে এবং এর ফি সাবস্ক্রাইবারদের কাছে ফেরত পাঠানো হবে।
নোটিসে আরো বলা হয়, এরপর থেকে কয়েকটি দেশ বাদে ফিচারটি মাইক্রোসফট ওয়ান ড্রাইভের মাধ্যমে ব্যবহারের সুযোগ দেয়া হবে। সুতরাং ঝামেলা এড়াতে ব্যবহারকারীরা চাইলে তাদের এ ডাটাগুলো ওয়ান ড্রাইভে সিনক্রোনাইজ করে নিতে পারেন। অন্যথায় তাদের ডাটাগুলো পিসি বা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। এই দুটো ফিচার ছাড়া অন্য সব ফিচার যেমন কনট্যাক্টস, ক্যালেন্ডার, নোটস ইত্যাদি ডাটাগুলো আগের মতোই ঠিক থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছর ১ ডিসেম্বর থেকে বন্ধ করা হয়েছে ফিচার দুটি ব্যবহারের সব সুবিধা। একই দিন থেকে ওয়ান ড্রাইভ মাইগ্রেশন এবং ডাটা ডাউনলোড সুবিধা চালু করা হয়েছে। এরপর ১ অক্টোবর থেকে বন্ধ করা হয়েছে উল্লিখিত দুটি সিনক্রোনাইজ, গুগল ড্রাইভ মাইগ্রেশন সাপোর্ট এবং প্রিমিয়াম স্টোরেজ সাবস্ক্রিপশন সাপোর্ট। সবশেষ আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে ডাটা ডাউনলোড সাপোর্ট।










