নতুন ম্যাক মিনি কম্পিউটার বাজারজাতের সময় পেছাল অ্যাপল। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, এ বছরই নতুন ডিভাইস বাজারজাত করতে পারে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তবে নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী আগামী বছর ডিভাইসটি আনবে অ্যাপল। খবর গিজমোচায়না।
একজন গবেষকের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। টুইট বার্তায় মিং চি কু জানান, ২০২৩ সাল নাগাদ নতুন ম্যাক মিনি বাজারজাত করবে অ্যাপল। গত সপ্তাহেই ২০২২ ও ২০২৩ সালে অ্যাপলের নতুন কিছু ডিভাইস বাজারজাতের বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন কু। সে সময় তিনি দাবি জানিয়েছিলেন, চলতি বছর অ্যাপল বাজারে উন্নত ফিচারের ম্যাক মিনি, মিনি এলইডি ডিসপ্লেবিহীন ২৭ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে আনতে পারে। তবে অ্যাপল ডিভাইসটি বাজারজাতের সময় পিছিয়ে আগামী বছর নির্ধারণ করেছে বলে জানা গেছে।
ম্যাক মিনি ডিভাইসটির পাশাপাশি ২০২৩ সালের কোনো এক সময় অ্যাপল ম্যাক প্রো ও আইম্যাক প্রো ডিভাইস বাজারে আনতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক ম্যাক মিনি এমওয়ান ও ইন্টেলের চিপসেটে পাওয়া যাচ্ছে। প্রযুক্তিবিদদের ধারণা নতুন ডিভাইসগুলোয় পরবর্তী প্রজন্মের এমটু চিপ বা এমটু প্রো চিপ ব্যবহার করা হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ১৩ ইঞ্চির নতুন ম্যাকবুক প্রো, ২৪ ইঞ্চির আইম্যাক ও ম্যাক মিনিতে এমটু চিপসেট ব্যবহারের বিষয়ে জানানো হয়েছে।
নতুন চিপটি এমওয়ান চিপসেটের অনুসারী হবে এবং এতে আটটি কোরই থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে চিপটি অধিক কার্যক্ষমতাসম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী হবে। পরবর্তী প্রজন্মের ম্যাকমিনি ডিভাইসে নতুন ডিজাইন, ছোট আকৃতির চেসিস, প্লেক্সিগ্লাসের মতো টু টোন কালার অপশনে বাজারজাত করা হতে পারে।










