মার্কিন ধনকুবের ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্লাটফর্মটিকে ঢেলে সাজিয়েছেন। মাইক্রোব্লগিং সাইটটিকে তিনি বাণিজ্যিক আদলে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ফিচারের জন্য ধারাবাহিকভাবে শর্তারোপ প্রক্রিয়ায় নতুন আরেকটি শর্ত যোগ করা হচ্ছে। গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ‘ডিরেক্ট মেসেজ’ বা ‘সরাসরি বার্তা প্রেরণ’ ফিচারটি ব্লুসাবস্ক্রিপশন পরিষেবার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোব্লগিং প্লাটফর্মটি সরাসরি বার্তা পাঠানোর সংখ্যা সীমিত করার কাজ করছে। বর্তমানে পরিষেবাটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ টুইটারের অর্থ প্রদানকারী প্যাকেজ ব্লু সাবস্ক্রাইবার হওয়া ছাড়াই এটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে।
জানা গেছে, কোম্পানিটি ফ্রি টুইটার ব্যবহারকারীদের জন্য সরাসরি বার্তা পাঠানোর সংখ্যা ৩০-এ সীমাবদ্ধ করবে। বর্তমানে যেখানে প্রতিদিন ৫০০ বার্তা পাঠানোর সুবিধা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে ব্যবহারকারীদের টুইটার ব্লুর গ্রাহক হতে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে টুইটার কর্তৃপক্ষ।










