ইউসেপ (আন্ডারপ্রিভিলেজ চিলড্রেন এডুকেশন প্রোগ্রামস) বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। চুক্তির মাধ্যমে ইউসেপ জেনারেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ডিজিটাল লার্নিং এবং নতুন ই-স্টাডি গ্রুপ মডেলের জন্য বাংলালিংকের ফ্রি ডাটা ব্যবহার করতে পারবেন।

নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম।

চুক্তি অনুসারে ইউসেপ বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য এক বছর মেয়াদি ফ্রি ডাটা পাবেন। চালু করার দিন থেকে এক বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, এ ধরনের বিশেষ ক্ষমতায়নের উদ্যোগকে বাংলালিংক সবসময়ই সাহায্যের চেষ্টা করে। আমরা বিশ্বাস করি, শিক্ষা অর্জনে প্রতিটি শিশুর সমান অধিকার রয়েছে। আর এটি অর্জনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সঠিক স্কুল ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য নিয়ে ইউসেপ বাংলাদেশ একটি দৃষ্টান্তমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে তাদের এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম বলেন, শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের শিক্ষালাভের সুযোগ তৈরি করছে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিতে আমরা ই-স্টাডি মডেল গ্রহণ করেছি এবং এখনো ডিজিটাল প্লাটফর্মের সাহায্যে তা চালিয়ে যাচ্ছি। এ উদ্যোগের জন্য আমরা বাংলালিংককে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন। ইউসেপ বাংলাদেশের সঙ্গে এ যৌথ উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশে ই-লার্নিং প্রসারে সহায়তা ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা। এর মাধ্যমে সবার জন্য অন্তর্ভুক্তি ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) অর্জনে ভূমিকা রাখছে বাংলালিংক।