এনভিডিয়ার আরটিএক্স ৩০ সিরিজের উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিটসহ নতুন গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে এইচপি। ইন্টেলের ১১ প্রজন্মের প্রসেসরসহ ভারতের বাজারে ল্যাপটপটি উন্মোচন করা হয়েছে।

দুটি ভ্যারিয়েন্টে ল্যাপটপটি পাওয়া যাবে। দুটোই ১৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে-সংবলিত। তবে একটির রিফ্রেশ রেট ১৪৪ হার্জ এবং অন্যটির ১৬৫ হার্জ। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস পিক এবং এতে শতভাগ এসআরজিবি কালার গ্যামট রয়েছে। ১৬৫ হার্জের ভ্যারিয়েন্টে ৩ মিলি সেকেন্ডে ও ১৪৪ হার্জের ভ্যারিয়েন্টে ৭ মিলি সেকেন্ডে রেসপন্স টাইম রয়েছে।

১৬৫ হার্জের ভ্যারিয়েন্টে ইন্টেলের কোর আই সেভেন ১১৮০০এইচ প্রসেসর ও ৮ জিবি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৭০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট রয়েছে। অন্যদিকে ১৪৪ হার্জের ভ্যারিয়েন্টে ইন্টেল কোর আই সেভেন ১১৮০০এইচ প্রসেসর ও ৬ জিবি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট রয়েছে।

দুটি ভ্যারিয়েন্টেই ৩ হাজার ২০০ মেগাহার্জের ১৬ জিবি পর্যন্ত ডিডিআরফোর র‌্যাম ব্যবহার করা যাবে। দুটি ল্যাপটপেই এক টেরাবাইটের পিসিআইই জেন ৪–৪ সলিড স্ট্রেট ড্রাইভ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি এটি গতানুগতিক ধারার সাটা এসএসডির তুলনায় দ্রুতগতিসম্পন্ন।

এইচপির ওমেন ১৬ ল্যাপটপে ৮৩ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা একবারের চার্জে ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। কুইক চার্জিংয়ের জন্য এতে ২৩০ ওয়াটের চার্জার দেয়া হয়েছে। গেমিং ল্যাপটপ হওয়ায় ডিভাইসটিতে ফোর জোন অ্যান্টি ঘোস্টিং কি-সংবলিত আরজিবি কিবোর্ড দেয়া হয়েছে। এর সঙ্গে ওমেন গেমিং হাব লাইট স্টুডিও ইন্টিগ্রেশন ফিচার দেয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা লাইটের রঙ পরিবর্তন করতে পারবেন।

১৪৪ হার্জ ডিসপ্লে ও ৬ জিবি আরটিএক্স ৩০৬০ জিপিইউ-সংবলিত ল্যাপটপের দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে ১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮ জিবি আরটিএক্স ৩০৭০ জিপিইউ-সংবলিত ল্যাপটপের দাম ১ লাখ ৭৪ হাজার ৯৯৯ রুপি। এইচপি অনলাইন ও অফিশিয়াল স্টোর থেকে ল্যাপটপ দুটি কেনা যাবে।

—গিজমোচায়না