বাংলাদেশে কুরিয়ার পরিষেবার ডিজিটালাইজেশনে ভারতের ই-কমার্স লজিস্টিকস সলিউশন প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেসের ১০২ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে পেপারফ্লাই।
গত সেপ্টেম্বরে কোম্পানিটি দেশীয় কুরিয়ার ও পার্সেল শিল্পকে লক্ষ্য করে সর্বপ্রথম চুক্তিভিত্তিক বিটুবি সার্ভিস ও দোরগোড়ায় এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস চালু করে। এ দুটি সেবা থেকে অভূতপূর্ব সাড়াও পায়। এ পদক্ষেপের মাধ্যমে পেপারফ্লাই বাংলাদেশের এক্সপ্রেস কুরিয়ার ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে বৈপ্লবিক ও আমূল পরিবর্তন আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
২০১৬ সালে শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ ও শামসুদ্দীন আহমেদ যৌথভাবে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। পেপারফ্লাই বাংলাদেশের প্রথম প্রযুক্তিনির্ভর লজিস্টিকস কোম্পানি, যা পুরো দেশে সেবা দিচ্ছে।
স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী ইকম এক্সপ্রেস লিমিটেড ভারতের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এন্ড টু এন্ড প্রযুক্তিনির্ভর লজিস্টিকস সলিউশন প্রদানের ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। বিনিয়োগের বিষয়ে ইকম এক্সপ্রেসের সিইও ও সহপ্রতিষ্ঠাতা টি. এ. কৃষ্ণান বলেন, পেপারফ্লাই বাংলাদেশের ই-কমার্স খাতের বিকাশ ঘটানো এবং দেশের সর্বত্র এ সেবা প্রদানের পরিসর বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেপারফ্লাইয়ে ইকম এক্সপ্রেসের সহায়ক বিনিয়োগের মাধ্যমে আমরা এ কোম্পানির প্রতি আমাদের পূর্ণ সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করছি, যাতে তারা তাদের পরিসর বাড়াতে পারে, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্সের ক্ষেত্রে প্রযুক্তিগত সলিউশনসের সাহায্যে এগিয়ে যেতে পারে।
পেপারফ্লাইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহরিয়ার হাসান বলেন, সূচনা থেকেই আমরা ই-কমার্স লজিস্টিকস সলিউশন প্রদানে পথিকৃতের ভূমিকা পালন করে আসছি। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলকেও ডেলিভারির আওতায় নিয়ে আসার ব্যাপারে আমাদের ভূমিকা রয়েছে।










