আগামী বছরে বিশ্বের তৃতীয় বৃহৎ সোস্যাল নেটওয়ার্ক হচ্ছে চীনভিত্তিক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। ইনসাইডার ইন্টেলিজেন্স নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে টিকটকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি ৫০ লাখ ছাড়াবে। মাসিক ব্যবহারকারীর দিক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের পর পরই থাকবে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর টেক ক্রাঞ্চ।
কয়েক বছর ধরেই টিকটকের গ্রাহক বৃদ্ধিতে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। ২০২০ সালে নতুন গ্রাহকপ্রাপ্তিতে ৫৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি বছরে গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ৮ শতাংশ।
ফেসবুক তাদের সাম্প্রতিক আয়ের প্রতিবেদনে জানায়, শীর্ষ সোস্যাল প্লাটফর্মটির সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২৯১ কোটি ছাড়িয়েছে। মেটা নিয়ন্ত্রণাধীন কোম্পানিটির বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। অন্যদিকে ইনস্টাগ্রাম জানায়, তাদের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। ২০১৮ সালের জুনে যেখানে এ সংখ্যা ছিল ১০০ কোটি।
সাধারণত প্রত্যেক কোম্পানি তাদের সক্রিয় মাসিক ব্যবহারকারী হিসেবে তাদেরকেই বোঝায়, যারা মাসে অন্তত একবার অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। এতে ফেইক বা ভুয়া অ্যাকাউন্টও গণনায় থাকে। ইনসাইডার ইন্টেলিজেন্স অবশ্য তাদের ২০২২ সালের পূর্বাভাসে এসব ভুয়া অ্যাকাউন্ট বাদ দিয়ে হিসাব করেছে।
ইনসাইডার ইন্টেলিজেন্সের পূর্বাভাস, ২০২২ সালে ফেসবুকের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২১০ কোটি ছাড়াবে। মেটা নিয়ন্ত্রণাধীন অন্য ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ১২৮ কোটি। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা টিকটকের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৭৫ কোটি ৫০ লাখ। স্ন্যাপচ্যাট ও টুইটারের চেয়েও এগিয়ে থাকবে চীনা ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।
সেন্সর টাওয়ার নামে আরেক গবেষণা সংস্থা জানায়, ২০২০ সালের প্রথম প্রান্তিকে অ্যাপ স্টোর ও গুগল প্লেতে টিকটক ডাউনলোডের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছিল। অ্যাপ অ্যানির প্রতিবেদনে বলা হয়, করোনার প্রথম বছরে ৩২৫ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে টিকটক। সেন্সর টাওয়ার জানায়, চলতি বছরের জুলাইয়ে বিশ্বব্যাপী টিকটক ডাউনলোডের সংখ্যা ৩০০ কোটি ছাড়িয়েছে। ফেসবুক ও গেমসের অ্যাপ ছাড়া এটি যেকোনো অ্যাপের সর্বোচ্চ ডাউনলোড। এছাড়া বৈশ্বিকভাবে টিকটকে ভোক্তাব্যয় ২৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এ মাইলফলক অতিক্রম করা অন্য প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে টিন্ডার, নেটফ্লিক্স, ইউটিউব ও টেনসেন্ট ভিডিও।
ইনসাইডার ইন্টেলিজেন্স বলছে, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে ২০২৪ সালের মধ্যে সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীর মধ্যে ২০ শতাংশ শেয়ার থাকবে টিকটকের।










