প্রতিযোগিতা নীতি লঙ্ঘন করায় অ্যামাজন ও অ্যাপলকে ২০ কোটি ইউরোর বেশি জরিমানা করেছে ইতালির অ্যান্ট্রিটাস্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ইতালির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবরের এক সমঝোতা চুক্তির অধীনে ইতালিতে অ্যাপল ও বিটস পণ্যের অফিশিয়াল ও আনঅফিশিয়াল বিক্রেতাদের ইতালীয় অ্যামাজন সাইট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কেবল বাছাইকৃত কিছু রিসেলার ওই পণ্য বিক্রির সুযোগ পাচ্ছিল। ইতালির বাজার নিয়ন্ত্রক সংস্থা বলছে, দুই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের নীতির পরিপন্থী। ওই ঘটনায় ৬ কোটি ৮৭ লাখ ইউরো জরিমানা করা হয়েছে অ্যামাজনকে। অ্যাপলকে জরিমানা করা হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ইউরো। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে বেআইনি নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বলেছে বাজার নিয়ন্ত্রক সংস্থাটি। কোনো ধরনের বৈষম্য না করে সব রিসেলারকে পণ্যটি বিক্রির সুযোগ দেয়ার জন্য অ্যামাজন ও অ্যাপলের প্রতি আহ্বান রেখেছে তদারকি সংস্থাটি।