বড় ধরনের বিপর্যয় কাটিয়ে অনলাইনে ফিরেছে অ্যামাজন ক্লাউড। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর এখন সেবা নিতে পারছে হাজার হাজার ব্যবহারকারী। যার মধ্যে নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ও বোস্টন গ্লোবের ওয়েবসাইটও রয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দিয়ে থাকে ডাউনডিটেক্টর ডট কম। তারা জানায়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র (১৩ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত অ্যামাজন ওয়েব সার্ভিসে (এডব্লিউএস) ত্রুটি ও ল্যাটেন্সি বেড়ে যায়।

এ সময় গ্রাহকরা সাইন-ইন ত্রুটি, কল, চ্যাট, এডব্লিউএস সহায়তা ও অন্যান্য পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়েন। যার প্রভাব পড়ে পরিবহন থেকে আর্থিক পরিষেবা ব্যবসায় পর্যন্ত।

ইন্টারনেট যুগে কোম্পানিগুলোর জন্য ক্লাউড সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাউড কোম্পানি ডাটাডগের গবেষণা অনুযায়ী, ক্লাউডে অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান অ্যামাজনের ল্যামডা পরিষেবা ব্যবহার করে।

এডব্লিউএস ল্যামডা হলো এমন একটি পরিষেবা যা গ্রাহকদের কোনো সার্ভার ছাড়াই কম্পিউটার প্রোগ্রাম চালাতে দেয়।

সংকটটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ নিয়ন্ত্রকের ইলেকট্রনিক ডাটা সংগ্রহ ব্যবস্থা, সাউথওয়েস্ট এয়ারলাইনস, দ্য ভার্জ ও এপি ফর স্টুডেন্টস প্রভৃতি পরিষেবাকে প্রভাবিত করেছে।

ডাউনডিটেক্টরের মতে, অ্যামাজন মিউজিক ও অ্যালেক্সার মতো অন্যান্য পরিষেবাও ব্যাহত হয়েছিল। এ ঘটনায় মোট ১০৪টি সার্ভিসে সমস্যা হয়।