ভারতের ক্রমবর্ধমান ওয়্যারেবল বাজারে শক্তিশালী অবস্থান তৈরিতে কাজ করছে ভারতের ঘড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টাইটান। এ লক্ষ্যে নতুন স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক টুইট বার্তায় টিপস্টার মুকুল শর্মা এ কথা জানান। খবর গিজমোচায়না।
নতুন স্মার্টওয়াচটি কবে নাগাদ বাজারে আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে টিপস্টার মুকুল আসন্ন স্মার্টওয়াচটির বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ছবির তথ্যানুযায়ী, একটি বৃত্তাকার ফ্রেমে স্মার্টওয়াচটি বসানো হয়েছে। এতে কালো রঙের একটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। তবে এন স্ট্র্যাপগুলো রাবার নির্মিত।
আগের স্মার্টওয়াচটির তুলনায় নতুনটি পুরোপুরি ডিজিটাল হতে পারে বলে টিপস্টার সূত্রে জানা গেছে। এর আগে বাজারে টাইটান কানেক্টেড এক্স হাইব্রিড স্মার্টওয়াচ নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি। যেখানে টাচ স্ক্রিনের পাশাপাশি দুটি অ্যানালগ হ্যান্ডও ছিল।
দ্য টাইটান কানেক্টেড এক্স হাইব্রিডে বর্তমান সময়ে প্রচলিত আধুনিক স্মার্টওয়াচের সব ফিচারই ছিল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, মেসেজ নোটিফিকেশন ও কল অ্যালার্ট, মিউজিক অ্যান্ড ক্যামেরা কন্ট্রোল, পরিবর্তনযোগ্য ওয়াচ ফেস এবং তিনদিনের ব্যাটারি ব্যাকআপ উল্লেখযোগ্য। স্মার্টওয়াচটিতে হার্টরেট মনিটর, পদচিহ্ন ও অ্যাক্টিভিটি ট্র্যাকার, ক্যালরি ট্র্যাকার, পানি ও বালি প্রতিরোধক ব্যবস্থা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য রাবার স্ট্র্যাপও ছিল।










