গত সেপ্টেম্বরে বাজারে দুটি সারফেস ড্যু ফোন এনেছিল মাইক্রোসফট। সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রথম প্রজন্মের সারফেস ড্যু ডিভাইসের সফটওয়্যারে বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। এমএসপাওয়ারইউজারের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে দেয়া সর্বশেষ আপডেটের পর থেকে সারফেস ড্যু ডিভাইসের কপি-পেস্ট ফিচারে সমস্যা শুরু হয়। খবর গ্যাজেটস নাউ।
রেডিটে একজন ব্যবহারকারী তার সারফেস ড্যু ডিভাইসে কপি-পেস্ট ফিচারে সমস্যার কথা জানান। তবে শুধু একটি ডিভাইসেই এ সমস্যা সীমাবদ্ধ নয়। ড্যুর আরেকজন ব্যবহারকারী নতুন আপডেটের পর ডিভাইস ব্যবহারে সমস্যার কথা জানান।
নতুন আপডেট দেয়ার পর থেকে এ সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে কোনো লেখা কপি করার পর সেটি অন্য স্ক্রিনে পেস্ট করার ক্ষেত্রেই বেশি সমস্যা সৃষ্টি হয়। ফলে অনেক ব্যবহারকারীর কাছে ডুয়াল স্ক্রিন ব্যবহারের অভিজ্ঞতা তিক্ত হয়ে ওঠে।
মাইক্রোসফট সারফেস ড্যু ডিভাইসে ৫ দশমিক ৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১৩৫০–১৮০০ পিক্সেল, আসপেক্ট রেশিও ৪:৩। ডিসপ্লেটি ৮ দশমিক ১ ইঞ্চির পিক্সেলসেন্স ফিউশন ডিসপ্লের সঙ্গে যুক্ত, যার রেজল্যুশন ২৭০০–১৮০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ৩:২।
সারফেস ড্যুতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট, ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। এতে দুটি ব্যাটারি রয়েছে। সম্মিলিতভাবে যা ৩ হাজার ৫৭৭ মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি।










