চলতি বছরের আগস্টেই দেশে পাঁচ লাখের বেশি সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইসিটি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে উদীয়মান (ইমার্জিং) সাইবার হুমকি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, চলতি মাসে প্রায় পাঁচ লাখ সাইবার হামলা হয়েছে। করোনার সময়ে সারা বিশ্বে সাইবার আক্রমণ বেড়েছিল। আপাতত যে সাইবার আক্রমণগুলো আসার আশঙ্কা আছে সেগুলো নিয়ে চিন্তা করছি। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্র অপতত্পরতা চালাতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, গোপনেই দেশের মোবাইল অপারেটরগুলো সাইবার হামলার শিকার হচ্ছে। আর্থিক ও পাওয়ার সেক্টর ছাড়াও এবার দেশের মোবাইল অপারেটরদের ওপর দৃষ্টি পড়েছে সংঘবদ্ধ হ্যাকারদের। এখন পর্যন্ত একাধিক মোবাইল অপারেটর ইনফেক্টেড। অপারেটরগুলোর ডাটাবেজ, সার্ভার ও পরিকাঠামো এরই মধ্যে আক্রান্ত হয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একা কোনো দেশের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তঃদেশীয় যোগাযোগের মাধ্যমে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ও রক্ষার বিষয়ে অবহিত করছে।

তিনি বলেন, বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে সাইবার সুরক্ষায় আন্তর্জাতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাকারদের সাম্প্র্রতিক কর্মকাণ্ডে ব্যাংকিং ও সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসহ বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন লাইনগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। সাইবার স্পেসকে নিরাপদ রাখতে মূলত চারটি পূর্বশর্ত নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রযুক্তিগত সক্ষমতা ও আইনের কঠোর প্রয়োগ।

দেশে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডি ডস) নামে সাইবার আক্রমণের চেষ্টা চলছে। এ বিষয়ে এরই মধ্যে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

ওপেনসোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটির পর্যবেক্ষণে দেখা গিয়েছে, সাম্প্র্রতিক সময়ে স্টেট স্পন্সর হ্যাকারদের তত্পরতা বেড়েছে। সেজন্য সবাইকে সতর্ক ও প্রযুক্তি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন আইসিটি প্রতিমন্ত্রী।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমিন এবং বিজিডি ই-গভ সার্ট পরিচালক তারেক মোসাদ্দেক বরকতউল্লাহ।