অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির তথ্য সংগ্রহে ভুয়া খবরের ওয়েবসাইট তৈরি করেছে হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের শীর্ষ একটি নিরাপত্তা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর বিবিসি।

যাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তাদের কাছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের নামে ক্ষতিকর ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ই-মেইল পাঠানো হচ্ছে। এ ওয়েবসাইটে বিবিসি নিউজ থেকে চুরি করা বিভিন্ন প্রতিবেদন যুক্ত করা হয়েছে। সেখানে প্রবেশের পর ভুক্তভোগীর ডিভাইসে ক্ষতিকর কোড ইনস্টল করে দেয়া হয়। প্রুফপয়েন্ট জানায়, হ্যাকারদের সঙ্গে চীন সরকারের সম্পৃক্ততার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

প্রুফপয়েন্টের গবেষণা ও শনাক্তকরণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শেরড ডিগ্রিপো বলেন, আমরা কারো নামে অভিযোগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে থাকি। কারো বিষয়ে আমাদের আত্মবিশ্বাস দৃঢ় না হলে আমরা কোনো তথ্য প্রকাশ বা কারো বিরুদ্ধে অভিযোগ করি না।

প্রুফপয়েন্ট জানায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে একটি হ্যাকার গ্রুপের চার সদস্য অভিযুক্ত হয়েছিল। অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনাকারীরাও এ গ্রুপের অন্তর্গত। সংস্থাটি জানায়, গ্রুপটি চীনভিত্তিক গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্কিত এবং ২০১৩ সাল থেকে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর রাজনৈতিক ঘটনার প্রতিক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিভাগের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কিছু জানা যায়নি।