চলতি বছর চীনের গেমিং খাতের আয় ২৯ হাজার ৬৫০ কোটি ইউয়ান বা ৪ হাজার ৬৬০ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২০-এর তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ সম্প্রসারণ হয়েছে। খবর আইএএনএস।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বার্ষিক সভায় দেশটির অডিও-ভিডিও অ্যান্ড ডিজিটাল পাবলিশিং অ্যাসোসিয়েশন ২০২১ সালে চীনের গেমিং খাতের এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২১ সালে দেশটিতে গেমারের সংখ্যা ৬৬ কোটি ৬০ লাখে পৌঁছেছে। আগের বছরের তুলনায় যা বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, ই-স্পোর্টসের বাজার থেকে ১৪ হাজার ২০ কোটি ডলার আয় হয়েছে চীনের। গত বছরের তুলনায় এ খাতে প্রবৃৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।

চীনের অডিও-ভিডিও অ্যান্ড ডিজিটাল পাবলিশিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সান শৌশান বলেন, গেমের বাজারে ই-স্পোর্টস অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে। এ খাতে সহায়তা প্রদানে ও নীতিমালা তৈরিতে অ্যাসোসিয়েশন স্থানীয়দের উৎসাহিত করছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গেমের ঘরোয়া বাজারে সে রকম সফলতা না পেলেও বিশ্ববাজারে নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত গেম বিক্রির মাধ্যমে চীন ১১ হাজার ৪৬০ কোটি ইউয়ান আয় করেছে, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি।