একাধিক ডিভাইসে একটি অ্যাকাউন্ট ব্যবহারের ফিচার কম্প্যানিয়ন এরই মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাকওএস ভার্সনে এটি চালু রয়েছে। বর্তমানে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি মাল্টি অ্যাকাউন্ট সাপোর্ট নামে নতুন ফিচার আনতে কাজ করছে। খবর গ্যাজেটস নাউ।
ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাল্টি অ্যাকাউন্ট ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং শুধু বেটা পরীক্ষকরা এটি ব্যবহার করতে পারছে। গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপ ফর বিজনেসের হালনাগাদ ভার্সনে ফিচারটি রয়েছে।
প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট অনুযায়ী, মেসেজিং প্লাটফর্মটি নতুন মেনু যুক্ত করেছে। যেখানে একটি অ্যাপে বা ডিভাইসে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্ট নির্বাচন করে লগ ইন করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবে। বিশ্লেষকদের মতে মাল্টি অ্যাকাউন্ট ফিচারটি মেসেজিং প্লাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের অ্যাকাউন্ট এক ডিভাইসে ব্যবহার করতে পারবে।










