যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সরকারি পরিষেবা খাতগুলো আরো কার্যকর করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্ট নবায়ন, অর্থঋণের আবেদন দাখিল ও কর প্রদান সম্পর্কিত বিভিন্ন কাজ অনলাইনে নিয়ে আসা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ। খবর টেক রাডার।
প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশে মোট ১৭টি সরকারি সংস্থার পরিষেবা খাতে উন্নয়ন সাধনের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য, শিক্ষা, অর্থ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়গুলো অনলাইনে তাদের বেশির ভাগ সেবা দিতে শুরু করবে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন পরিষেবা নিতে মার্কিন জনগণ প্রায়ই এ সংস্থাগুলোর শরণাপন্ন হয়। জনগণের প্রয়োজনে ৩০টি বিষয়ে তথ্য আপডেট করা হবে বলে জানা গেছে। অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সংস্থার সহকারী পরিচালক জেসন মিলার বলেন, কয়েক মাসের মাঝেই নির্বাহী আদেশ অনুযায়ী কিছু বিষয়ে পরিবর্তন আনা হবে। বাকিগুলোও প্রায় এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।
এ বিষয়ে হোয়াইট হাউজ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ নির্বাহী আদেশে ৩৬টি ভোক্তা অভিজ্ঞতা উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। বিবৃতিতে আরো বলা হয়, সরকারি কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে মার্কিন জনসাধারণের কল্যাণ।
ভ্রমণ, অবসর, ব্যবসা, কর, স্বাস্থ্য ও ব্যক্তিগত তথ্য নবায়নের মতো খাতে সরকারি সেবা উন্নয়নে এ সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণ এখন অনেক সহজতর হবে। বর্তমানে যেভাবে তথ্য ফরম পূরণ করে স্থানীয় পোস্ট অফিসে দৌড়াদৌড়ি করতে হয়, তা আর লাগবে না। অনলাইনেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবে তারা।
তবে বেশ কয়েকটি বিভাগের সেবা অনলাইনে এলেও যুক্তরাষ্ট্রের সব সরকারি সেবা অনলাইনের আওতায় আনতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।










