মাইক্রোচিপের উৎপাদন শুরু করতে ও সংকট কাটাতে আগামী বছর জার্মানি ও সিঙ্গাপুরে ৪০ কোটি ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির প্রযুক্তি গ্রুপ রবার্ট বশ। খবর রয়টার্স।
বিশ্বজুড়ে চিপের যে সংকট চলমান রয়েছে এর ফলে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চিপের জন্য এসব প্রতিষ্ঠানকে এশিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু উৎপাদনকারীর ওপর নির্ভর করতে হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিনিয়োগের জন্য বশ যে বাজেট নির্ধারণ করেছে এর বৃহৎ একটি অংশ জার্মানির ড্রেসডেনে নতুন কারখানা স্থাপনের কাজে ব্যয় হবে। এ কারখানায় বশ ৩০০ মিলিমিটারের ওয়াফার উৎপাদন করা হবে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, স্টুটগার্টের কাছাকাছি রইটলিঙ্গেনে ৫ কোটি ইউরো ব্যয়ে ২০০ মিলিমিটার ওয়াফার উৎপাদনকারী কারখানা স্থাপন করা হবে। এ কারখানায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও কারখানার অটোমেশন সিস্টেমের কাজও করা হয় বলেও জানানো হয়েছে।










