তৃতীয় পক্ষের কোনো সাইটের প্রতিবেদন কিংবা ব্লগ পোস্টে কারো ইনস্টাগ্রাম ছবি বা পোস্ট এমবেডিং করতে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে। মেটা নিয়ন্ত্রণাধীন অ্যাপটির নতুন এ ফিচারটিকে দেখা হচ্ছে পেশাদার আলোকচিত্রী আর ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতাদের জন্য বড় জয় হিসেবে। খবর টেক রাডার।

ইনস্টাগ্রামের পোস্ট এমবেড করার ফিচারটির সুযোগ নিয়ে কনটেন্টের মূল আপলোডকারীর অনুমতি ছাড়াই তাদের ফটো বা পোস্ট নিজস্ব কনটেন্টে জুড়ে দিচ্ছিল বিভিন্ন তৃতীয় পক্ষীয় কনটেন্ট প্রকাশক। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইনস্টাগ্রামে নিজের কাজ শেয়ার করেন এমন পেশাদার ফটোগ্রাফার ও কনটেন্ট নির্মাতারা। এ নিয়ে আদালতেও গিয়েছেন অনেকে। তাদের আবেদনে সাড়া দিয়ে অবশেষে বন্ধ হচ্ছে ইচ্ছেমাফিক এমবেডিংয়ের সুযোগ। অন্য কাউকে নিজের পোস্ট এমবেড করতে দেবেন কিনা, সেটি নির্ধারণের ক্ষমতা আসছে কনটেন্ট নির্মাতার হাতে।

অনুমতি ছাড়া এমবেডিং বন্ধ করতে মাঠে নেমেছিল আমেরিকান সোসাইটি অব মিডিয়া ফটোগ্রাফার্স (এএসএমপি)। চলতি বছরের ১৭ এপ্রিল ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কাছে চিঠি লিখেছিলেন এএসএমপির শীর্ষ আইন উপদেষ্টা টমাস মাডরে।

মার্কিন আদালতের দুটি মামলায় আলাদাভাবে উল্লেখও ছিল ওই চিঠির বিষয়টি। এএসএমপি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চিঠি ও আদালতের মামলার জেরে সৃষ্ট চাপে মুখ খুলতে বাধ্য হয় ইনস্টাগ্রাম; তৃতীয় পক্ষীয় ব্যবহারকারীরা এমবেডিং ফিচারের মাধ্যমে যে সাবলাইসেন্স সুবিধা পাওয়ার কথা বলছেন, সেটি কখনই তাদের মূল উদ্দেশ্য ছিল না বলে জানায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।