আগামী বছরের ৩১ আগস্ট মেড ফর ইন্ডিয়া স্লোগানে পরিচালিত মেসেজিং পরিষেবা কাইজালা বন্ধের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। খবর ইটি টেলিকম।

জিডি নেটের তথ্যানুযায়ী, নির্ধারিত সময়ের পর পরিষেবাটিতে প্রবেশের পাশাপাশি সব ধরনের সাপোর্টও বন্ধ করে দেয়া হবে। এর আগ পর্যন্ত কাইজালার বিদ্যমান গ্রাহকরা মেসেজিং পরিষেবাটি গ্রহণ করতে পারবে বলে সূত্রে জানা গিয়েছে। এ সময়ের মধ্যে নতুন কোনো ব্যবহারকারী আর প্লাটফর্মে যুক্ত হতে পারবে না। এর পরিবর্তে তাদের চ্যাট, মিটিং ও কলিংয়ের জন্য নির্দিষ্ট টিমসে নিয়ে যাওয়া হবে।

মাইক্রোসফট ৩৬৫-এর সহযোগীদের কাছে পাঠানো এক নোটের তথ্যানুযায়ী, অনেক কাইজালা ব্যবহারকারীর কাছে অফিস ৩৬৫ ও মাইক্রোসফট ৩৬৫-এর লাইসেন্স রয়েছে, কিন্তু তারা সেগুলো পরিপূর্ণভাবে চালু করেনি। ২০১৭ সালে ভারতে অ্যাপটি চালু করে মাইক্রোসফট। মূলত বড় গ্রুপের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এবং প্রাতিষ্ঠানিক কাজ পরিচালনায় টুজি নেটওয়ার্ক অপটিমাইজেশন সুবিধাসহ এটি তৈরি করা হয়।

অ্যাজুরে ক্লাউড প্লাটফর্ম নিয়ন্ত্রিত প্লাটফর্ম কাইজালা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানকে সফল যোগাযোগ ব্যবস্থা স্থাপন, সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং ডেস্কটপ ও সেলফোন ব্যবহারকারীদের প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে একত্র করতেই এটি চালু করা হয়। ভারতে প্রতিষ্ঠানটি কাইজালা প্রো ভার্সনও চালু করেছিল। এ ভার্সনে প্রতিষ্ঠানগুলো সব গ্রুপ নিয়ন্ত্রণ করতে পারত।