ফিশিং হামলার জন্য পুরনো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) পরিচালিত ওয়ার্ডপ্রেস সাইটকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করছে হ্যাকাররা। গত বছরের ডিসেম্বরে সাইবারনিউজের নিরাপত্তা গবেষকরা নতুন আক্রমণের বিষয়ে জানতে পারেন। খবর টেকরাডার।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হামলার পেছনে বড় অংকের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার খোঁজ পাওয়া গেছে। বিশেষ করে যেসব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের পুরনো সংস্করণ ব্যবহার করছে বা যাদের ভালো সিকিউরিটি প্লাগইন ইনস্টল করা নেই, তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

হামলা সফলভাবে পরিচালনার জন্য হ্যাকাররা প্রথমে ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটগুলোয় এক্সপ্লয়েট বা ক্রেডেনশিয়াল হামলা চালিয়ে থাকে। নির্ধারিত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোয় পিএইচপি স্ক্রিপ্ট প্রবেশ করানোর মাধ্যমে হ্যাকাররা সেখানে কমান্ড ও কন্ট্রোল পয়েন্ট তৈরি করতে পারে। সাইবারনিউজ যেসব পিএইচপি স্ক্রিপ্টের সন্ধান পেয়েছে তার সবগুলোই আসল ওয়ার্ডপ্রেস প্লাগইনের মতো দেখতে।

ক্ষতিকর পিএইচপি স্ক্রিপ্টগুলোকে প্লাগইনের মতো উপস্থাপনের পর পুরনো ভার্সনের ওয়েবসাইটগুলোয় হামলা চালানো হয়। সাইবারনিউজের তথ্যানুযায়ী, প্রথম ধাপে এমন কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়, যেগুলো কমান্ড ও স্ক্রিপ্ট পরিচালনার সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় ধাপে ওয়ার্ডপ্রেস ৩.৫ থেকে ৪.৯ ভার্সন পরিচালিত ওয়েবসাইটগুলোয় হামলা চালানো হয়। গবেষকরা ৫৬০টির মতো ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটের সন্ধান পেয়েছেন।