সাইবারনিরাপত্তা আইন জোরদারের অংশ হিসেবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে অভ্যন্তরীণ পর্যায়ে তথ্য সংরক্ষণের পাশাপাশি আঞ্চলিক অফিস খোলার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। খবর রয়টার্স।
সম্প্রতি এক আদেশের মাধ্যমে নতুন নিয়মটি জারি করা হয়েছে। অ্যালফাবেটের গুগল, মেটার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ও টেলিকমিউনিকেশন পরিষেবা প্রতিষ্ঠানকে এ নিয়ম মেনে চলতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।
আদেশে বলা হয়, অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে বায়োমেট্রিক তথ্য, রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস, ইন্টারনেট ব্যবহারের তথ্যসহ সবকিছু দেশের অভ্যন্তরে সংরক্ষণ করতে হবে। দেশটির সরকার যেকোনো মুহূর্তে যেকোনো প্রয়োজনে বা তদন্তের স্বার্থে তথ্য সরবরাহের আহ্বান জানাতে পারবে। পাশাপাশি যদি প্লাটফর্মগুলোয় থাকা কোনো কনটেন্টকে সরকারি নীতিবিরোধী মনে হয় তাহলে সেটি অপসারণের নির্দেশ দিতে পারবে।
আদেশের তথ্যানুযায়ী, বিদেশী প্রতিষ্ঠানগুলোকে ১২ মাসের মধ্যে আঞ্চলিক অফিস ও তথ্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে। জননিরাপত্তামন্ত্রীর নির্দেশনা সাপেক্ষে এটি সম্পন্ন করতে হবে। এছাড়া অন্তত ২৪ মাসের জন্য ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে গুগল ও মেটার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।










