বড় বিদেশী প্লাটফর্মগুলো যাতে বাজার থেকে ক্ষুদ্র অনলাইন উদ্যোক্তাদের বিতাড়িত করতে না পারে সেজন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে ডিজিটাল কমার্স সম্পর্কিত অংশীদারদের অভিন্ন প্লাটফর্ম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি)।
সম্প্রতি রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বেসিস সম্মেলন কেন্দ্রে ওএনডিসি: ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যৎ শীর্ষক একটি আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান। অনুষ্ঠানে দেশের প্রতিষ্ঠিত ই-কমার্স প্লাটফর্মসহ বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বেসিস ও অন্যান্য বাণিজ্য সংগঠনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ই-কমার্স সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বড় বিদেশী প্লাটফর্ম যাতে বাজার থেকে ছোট ব্যবসায়ীদের বিতাড়িত করতে না পারে তার রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে ওএনডিসি নেটওয়ার্ক।
প্রধান আলোচকের বক্তব্যে টি কোশি বলেন, ওএনডিসি হচ্ছে ডিজিটাল ব্যবসার ওপেন নেটওয়ার্ক। এটি ই-কমার্স ব্যবসায় নতুন বিপ্লব আনতে যাচ্ছে। এটি কোনো নতুন প্লাটফর্ম নয়, বরং এটি একটি নেটওয়ার্ক বা পদ্ধতি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে একটি-দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার কারণে পুরো সেক্টর সম্পর্কে আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে।










