২০২১ সালের জুলাইয়ে প্রথম কালারফিট আল্ট্রা স্মার্টওয়াচ উন্মোচন করে নয়েজ। ওয়্যারেবলের বাজারে ভারতের এ প্রতিষ্ঠান এরই মধ্যে ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। আগেরটির সফলতার অংশ হিসেবে এবার আরো উন্নত বিল্ড কোয়ালিটি ও ফিচার নিয়ে কালারফিট আল্ট্রা ২ স্মার্টওয়াচ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

নয়েজ কালারফিট আল্ট্রা ২ স্মার্টওয়াচে আগেরটির তুলনায় উন্নত ডিসপ্লে দেয়া হয়েছে। এতে ১ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন ও অলয়েজ অন ডিসপ্লে ফিচার দেয়া হয়েছে। ফলে পরিধানকারী সারাক্ষণ সময় ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দেখতে পাবেন। স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের মতো বর্গাকৃতির। এতে একটি বাটনও রয়েছে।

গঠনশৈলীর দিক থেকে নয়েজ কালারফিট আল্ট্রা ২ স্মার্টওয়াচে স্টেইনলেস স্টিল বডি, আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট কোটিং রয়েছে। ফলে তীব্র গরম কিংবা বর্ষার দিনেও স্মার্টওয়াচটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। আগের ভার্সনের স্মার্টওয়াচটি দুটি রঙে পাওয়া গেলেও নতুনটি চারটি ভিন্ন রঙে পাওয়া যাবে। এগুলো হলো জেট ব্ল্যাক, নেভি গোল্ড, অলিভ গ্রিন ও সিলভার গ্রে।

ফিটনেস লাভারদের জন্য কালারফিট আল্ট্রা ২ স্মার্টওয়াচে নয়েজ হেলথ স্যুট রয়েছে। এটি ব্যবহারকারীদের নয়েজফিট অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে সহায়তা করে। স্মার্টওয়াচটি রক্তে অক্সিজেনের পরিমাণ (্এসপিও২) ও ঘুমের পরিমাণও যাচাই করতে সক্ষম। এতে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটরিংয়ের পাশাপাশি ৬০টির বেশি স্পোর্টস মোড রয়েছে। এতে ফিমেল হেলথ ফিচারও রয়েছে। এর মাধ্যমে নারীরা তাদের মাসিক চক্রের তথ্য জানতে পারেন। সফটওয়্যার কাস্টমাইজেশনের জন্য ব্যবহারকারীরা ১০০টির বেশি ওয়াচফেস ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কিছু পরিবর্তনযোগ্য অ্যানিমেশন ও ক্লাউড ফিচার নির্ভর।

অন্য ফিচারের মধ্যে স্মার্টওয়াচটি ওয়েদার ফোরকাস্ট, রিমাইন্ডার, কল ও মেসেজের কুইক রিপ্লে, ওয়ার্ল্ড ক্লক, মিউজিক, স্টকস, ফ্ল্যাশলাইট, স্মার্ট ডু নট ডিস্টার্ব (ডিএনডি), ক্যালকুলেটর রয়েছে। নয়েজের দাবি, একবার চার্জে স্মার্টওয়াচটি সাতদিন পর্যন্ত চলতে সক্ষম। ভারতের বাজারে ১২০ ডলার বা ৮ হাজার ৯৯৯ রুপিতে স্মার্টওয়াচটি কেনা যাবে।

—গিজমোচায়না