বাংলাদেশি তরুণদের ৮৫ শতাংশ মনে করেন, অনলাইন বুলিং একটি মারাত্মক সমস্যা। দেশে বর্তমানে ডিজিটালাইজেশনের যে ধারা পরিলক্ষিত হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে বিষয়টির দিকে নজর রাখা এবং সচেতনতা তৈরির গুরুত্বও অনেক বেড়েছে। দেশে ৮৬ শতাংশ তরুণ মহামারীর শুরু থেকে ইন্টারনেটে বেশি সময় কাটাচ্ছেন। যার মধ্যে ৩৫ শতাংশই দিনরাত ইন্টারনেটে ব্যস্ত থাকেন।

সম্প্রতি বাংলাদেশে টেলিনর গ্রুপ, গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপে এসকল তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ১৫ শতাংশ তরুণ সন্ধ্যায় নেট ব্যবহার করেন। কেবল ২ শতাংশ শুধু স্কুল চলাকালীন ইন্টারনেট চালু রাখেন।

বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ড- এ চারটি দেশে জরিপটি পরিচালনা করা হয়। জরিপে ৩ হাজার ৯৩০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৬ শতাংশ বাংলাদেশি তরুণ। 

চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে পরিচালিত জরিপে বলা হয়, বাংলাদেশের ৮ শতাংশ তরুণ সপ্তাহে অন্তত এক বা একাধিক বার অনলাইন বুলিংয়ের শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপস এবং অনলাইন গেমিং ও ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম- এ তিনটি মাধ্যমে সাধারণত তরুণরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন।

চারটি দেশ থেকে অংশগ্রহণকারীরা অনলাইন বুলিং বন্ধে তাদের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো বুলিকারীকে উপেক্ষা করা। ফলে ঐ ব্যক্তিকে থামানো সম্ভব হয়। এছাড়াও সিকিউরিটি সেটিংস পরিবর্তন করা, যাতে উত্যক্তকারী ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করতে না পারে; এবং মা-বাবা বা অভিভাবকদের সঙ্গে এই সমস্যার বিষয়ে আলোচনা করা।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান টেলিনরের জরিপে উঠে আসা সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ সমস্যাগুলো দূর করার জন্য আমরা টেলিনর ও ইউনিসেফের মতো পার্টনারদের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধিতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি। এটি অস্বীকার করার উপায় নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডিজিটাল দক্ষতা অর্জন করা প্রয়োজন এবং তাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে দিতে হবে। এজন্য তাদের অনলাইনে নিরাপদ রাখতে আমাদের আরো দৃঢ় সহযোগিতাপূর্ণ মনোভাব ও প্রতিশ্রুতি নিতে হবে।

তিনি বলেন, জরিপের ফল বলে দিচ্ছে এটি একটি গভীর সমস্যা আর এ সমস্যা সমাধানে আমাদের সবাইকে সম্মিলিতভাবে আরও বেশি কাজ করতে হবে। এটা অনেক আশাবাঞ্জক যে, বাংলাদেশ সরকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পাঠ্যক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার মতো সময়পোযোগী একটি পদক্ষেপ নিয়েছে।

এ সম্পর্কে সাস্টেইনেবিলিটি ফর টেলিনর ইন এশিয়ার ভিপি মনীষা দোগরা বলেন, বৈশ্বিক মহামারী চলাকালীন তরুণদের ইন্টারনেটে সময় কাটানোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে, অনলাইনে তাদের নিজেদের সুরক্ষিত রাখার উপায় ও পদ্ধতি সম্পর্কে আরো ভালোভাবে জানার প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়ে উঠছে। সচেতনতা, অনলাইন বুলিং সম্পর্কে প্রশিক্ষণ এবং ডিজিটাল রেজিলিয়েন্স তৈরি- এ বিষয়গুলো সম্পর্কে সকল অংশীজনদের কাজ করা প্রয়োজন। এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছেড়ে দেয়া উচিত নয়, বরং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

টেলিনরের মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই অনলাইন নিরাপত্তার বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে, তবে এক্ষেত্রে সরকার, সুশীল সমাজ এবং অ্যাকাডেমিয়াদের সঙ্গে অংশীদারিত্ব করে সহযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে এর ফল আরও ইতিবাচক করা যাবে বলেও জানান তিনি।

জরিপে অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে তরুণরা আরো কী কী ধরণের নির্দেশিকা ও প্রশিক্ষণ চায় সে ব্যপারেও জিজ্ঞাসা করা হয়েছিল। জরিপের ফলে দেখা যায়, তরুণরা অনলাইনে হয়রানি মোকাবিলায় সোস্যাল মিডিয়া অ্যাপস (৫৬%), অনলাইনে তাদের গোপনীয়তা রক্ষা (৪৬%) এবং তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি (৪৩%) সম্পর্কে আরো জানতে আগ্রহী। এছাড়া, অংশগ্রহণকারীরা মেসেজিং অ্যাপে (৪০%) অনলাইন বুলিং থেকে সুরক্ষা পেতে এবং গেমিং ও স্ট্রিমিং ভিডিও গেমসের (৩৭%) সময় বুলিং প্রতিহত করতে আগ্রহী।

মনীষা দোগরা আরো বলেন, ইন্টারনেটে তরুণ ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম সুরক্ষিত করা গ্রামীণফোনের দীর্ঘদিনের লক্ষ্যগুলোর মধ্যে একটি। শিশু ও তরুণদের অনলাইনে সুরক্ষিত রাখতে আমরা ২০১৬ সাল থেকে আমাদের পার্টনার ও কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ডিজিটালি রেজিলিয়েন্ট ও ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রজন্ম গড়ে তুলতে আমাদের জনসচেতনতামূলক উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে, কোথায় আপনার থামতে হবে’, বি স্মার্ট ইউজ হার্ট’, ঠিক লাইনে অনলাইনে’; পাশাপাশি, অনলাইন ট্রেনিং কারিকুলাম ‘ডিজিওয়ার্ল্ড’ এবং ব্র্যাক ও ইউনিসেফের মতো সংস্থার সঙ্গে পরিচালিত স্কুল আউটরিচ প্রোগ্রাম।