অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ইন-অ্যাপ ক্যামেরার ডিজাইনে পরিবর্তন আনতে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।

নতুন ডিজাইনে উন্নত ইন্টারফেসের পাশাপাশি ফ্ল্যাশ ও সুইচ ক্যামেরা বাটনও থাকবে। খবর টাইমস অব ইন্ডিয়া।

ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, মেটা মালিকানাধীন প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন বেটা সংস্করণ উন্মুক্ত করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, নতুন ডিজাইনের ব্যবহারকারীরা বাম দিকের নিচ থেকে আগে পাঠানো মিডিয়া ফাইল চালু করতে পারবেন।

প্রতিবেদনে প্রদর্শিত ছবির তথ্যানুযায়ী, নতুন ইন-অ্যাপ ক্যামেরা ডিজাইনটি আইফোনের মতো অনুরূপ হবে এবং ফ্ল্যাশ বাটনটি ডান দিকে উপরে চলে যাবে। এছাড়া প্লাটফর্মটি বর্তমানে গ্যালারি উপরের দিকে ওঠানোর ফিচার থেকে সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফ্ল্যাশ বাটন বাম দিকে নিচে এবং সুইচ ক্যামেরা বাটনটি ডান দিকে নিচে অবস্থিত।

চলতি সপ্তাহের শুরুতে উইন্ডোজের বেটা ভার্সনে নতুন ইমোজি যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তবে এসব ইমোজি এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে চলে এসেছে। বর্তমানে ইউনিভার্সাল উইন্ডোজ প্লাটফর্মে কাপল ইমোজির জন্য নতুন স্কিন তৈরির সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। বেটা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্যও ফিচারটি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগে শুধু আইওএস প্লাটফর্মে এটি ব্যবহার করা যেত।