প্রযুক্তির উন্নয়নের সঙ্গে পরিষেবারও উন্নতি হয়। যে কারণে আগের কোনো কিছু বেশিদিন রাখা সম্ভব হয় না। ফলে আগামী বছর হোম সিকিউরিটি ও সার্ভেলেন্স সিস্টেম ড্রপক্যাম ও নেস্টসিকিউর বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। খবর গিজচায়না।

২০২৪ সালের ৮ এপ্রিল এ দুটি সফটওয়্যারের পরিষেবা বন্ধ হয়ে যাবে। এ দুটি সিস্টেমের সাপোর্ট বন্ধ করে দেয়া একেবারে অযৌক্তিকও নয়। ২০১৫ সালে নেস্ট অধিগ্রহণ করে গুগল। এরপর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি স্বতন্ত্রভাবে কাজ শুরু করে। সে সময় নেস্টের পণ্য গুগল হোমে যুক্ত করার চেষ্টাও চালানো হয়।

নেস্টের পণ্যের মধ্যে ড্রপক্যাম ও নেস্টসিকিউর থাকলেও সেগুলোকে গুগল হোমে যুক্ত করা হয়নি। যে কারণে ডিজিটাল যুগে আরো ভালোভাবে যুক্ত হওয়ার জন্য পণ্য দুটির সাপোর্ট বন্ধ করে দেয়ার প্রয়োজন অনুভব করে গুগল। পরিষেবা বন্ধের ধাক্কা সামলাতে ড্রপক্যাম ব্যবহারকারীদের বিনামূল্যে ওয়্যারড নেস্ট ক্যাম দিচ্ছে গুগল। বিশেষ করে যারা নেস্ট অ্যাওয়্যার সাবস্ক্রাইব করেছিল। যারা করেনি তাদের ৫০ শতাংশ ছাড় দিচ্ছে সফটওয়্যার জায়ান্টটি।

আর্স টেকনিকার তথ্যানুযায়ী, গুগল নেস্ট পণ্যে অন্তত পাঁচ বছর পর্যন্ত সাপোর্ট দেয়ার কথা জানিয়েছিল।