চলতি বছরের তৃতীয় প্রান্তিকে থাইল্যান্ডের স্মার্টফোন বিক্রি আগের বছরের একই প্রান্তিকের চেয়ে কমেছে ১৪ শতাংশ। গত আগস্টে দেশটিতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় স্মার্টফোন বিক্রিতে শ্লথগতি দেখা গেছে। তবে ফাইভজি স্মার্টফোন বিক্রি রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। খবর গিজমোচায়না।
কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ রিসার্চ অ্যানালিস্ট গ্লেন কারডোজা জানান, ফাইভজি ইকোসিস্টেম উন্নয়নে থাইল্যান্ড সরকার এবং শিল্পসংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। তবে বৈশ্বিক সরবরাহ চেইন সংকট এবং ভোক্তা মনোভাবে পরিবর্তনের ফলে আগস্ট-সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে।
বিভিন্ন সেগমেন্টেই স্মার্টফোন বিক্রি কমলেও ১৫০ ডলার মূল্যের ফোনগুলোর চাহিদা বেড়েছে। রিয়ালমি সি সিরিজ এবং স্যামসাংয়ের এন্ট্রি লেভেলের এ সিরিজের ফোনগুলো বেশ ভালো বিক্রি হয়েছে।
এ১২, এ০২ ও এ২২-এর ফোন নিয়ে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির বাজার শেয়ার ছিল ২২ শতাংশ। ১৭ শতাংশ বাজার শেয়ার নিয়ে তার পরেই রয়েছে অপো ও শাওমি।
স্টোর কেনাকাটা কমলেও অনলাইন চ্যানেলে বিক্রি বেড়েছে। গত প্রান্তিকে মোট স্মার্টফোন বিক্রির ২৪ শতাংশই হয়েছে অনলাইনে। ২০২১-এর শেষ প্রান্তিকেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।










