চিপের বাজারে ইন্টেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে রাইজেন ৭০০০ সিরিজের প্রসেসর আনুষ্ঠানিকভাবে বাজারজাতের সিদ্ধান্ত নিয়েছে এএমডি। গত জুলাইয়ে ভুলক্রমে প্রসেসরের তথ্য প্রকাশ করলেও ২৭ সেপ্টেম্বর চারটি মডেল উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
প্রথমটি হচ্ছে ৬ কোরের রাইজেন ৫ ৭৬০০এক্স, যার দাম ২৯৯ ডলার। দ্বিতীয়টি হচ্ছে ৮ কোরের রাইজেন ৭৭০০এক্স, দাম ৩৯৯ ডলার। তৃতীয় প্রসেসরটি হচ্ছে রাইজেন ৯ ৭৯০০এক্স, দাম ৫৪৯ ডলার এবং চতুর্থটি রাইজেন ৯ ৭৯৫০এক্স, দাম ৬৯৯ ডলার।
রাইজেন ৭০০০ সিরিজের প্রসেসরগুলো এএমডি জেন ৪ আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এ কারণে প্রসেসরে সর্বোচ্চ ৫ গিগাহার্টজ পর্যন্ত গতি পাওয়া যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ত্বরান্বিত হবে এবং এল২ ক্যাশের পরিমাণ দ্বিগুণ হবে। প্রসেসরগুলোয় এএম৫ প্লাটফর্ম ব্যবহার করা হয়েছে। এটি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের সকেট, যে কারণে প্রসেসরের সঙ্গে ডিডিআর৫ র্যাম ব্যবহার করতে হবে।
গিজমোডোর তথ্যানুযায়ী, ৭০০০ সিরিজ ডেস্কটপের জন্য প্রথম প্রসেসর যেটি তৈরিতে ৫ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এ চিপে ৫০০০ সিরিজের তুলনায় বেশি ট্রানজিস্টর রয়েছে।
এএমডির দাবি, রাইজেন ৭০০০ প্রসেসর আগের ৫০০০ সিরিজের তুলনায় সিঙ্গেল থ্রেডেড কাজ ২৯ শতাংশ বেশি দ্রুত করতে পারে। এর মধ্যে গেমসও রয়েছে।










