উইন্ডোজ ও ক্রোমবুকের জন্য স্ন্যাপড্রাগনের অত্যাধুনিক দুটি প্লাটফর্মকে কেন্দ্র করে এআরএমভিত্তিক চিপ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে কোয়ালকম। পাশাপাশি হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসেও স্ন্যাপড্রাগনের জি৩এক্স জেন ১ চিপসেট ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
কোয়ালকমের তথ্যানুযায়ী, স্ন্যাপড্রাগনের ৮সিএক্স জেন ৩ কম্পিউটার প্লাটফর্মের জন্য ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত প্রথম চিপ। আলট্রা স্লিম ও ফ্যানলেস ল্যাপটপের কথা মাথায় রেখে এ চিপ তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি আগের প্রজন্মের তুলনায় নতুন চিপসেটটি ৮৫ শতাংশ বেশি কার্যকর। পাশাপাশি এটি ৮৬ বিটের চিপের তুলনায় প্রতি ওয়াটে ৬০ শতাংশ বেশি ক্ষমতাসম্পন্ন।
ফাইভজি ও ওয়াই-ফাই ৬/৬ইর পাশাপাশি চিপসেটটি ব্যবহারকারীদের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা ও অডিও অভিজ্ঞতার পাশাপাশি চিপ টু ক্লাউড নিরাপত্তা সুবিধাও দেবে। ৮সিএক্স জেন ৩ চিপসেট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে। চিপটির কর্মদক্ষতা বর্তমানে বাজারে থাকে চিপগুলোর তুলনায় তিন গুণ বেশি বলে দাবি জানিয়েছে কোয়ালকম। এআই এক্সিলারেশন ফেস ডিটেকশন, ফোনকলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারসহ বেশকিছু ক্ষেত্রে সুবিধা দেবে। এছাড়া চিপসেটটি ফোরকে এইচডিআর ক্যামেরা কোয়ালিটি ও একত্রে সর্বোচ্চ চারটি ক্যামেরা পরিচালনায় সক্ষম। কোয়ালকম জানায়, নতুন চিপসেটটিতে অ্যাড্রেনোর অত্যাধুনিক গ্রাফিকস প্রসেসিং ইউনিট দেয়া হয়েছে।










