ব্যবহারকারীর নিউজ ফিড আরও নিয়ন্ত্রিত করতে নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে ফেসবুক। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফেসবুকের নিউজফিড নিজেরাই আগের চাইতে বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারবে। 

ফেসবুক সাধারণত অ্যালগরিদম মেনে নিউজ ফিড দেখায়। অবশ্য এ প্রক্রিয়া নিয়ে বেশ সমালোচনাও আছে। এখন প্রতিষ্ঠানটি বলছে, মানুষ কী পছন্দ করে সে বিষয়টির দিকে মনোযোগ দেয়া হচ্ছে। পাশাপাশি ফিড কাস্টোমাইজ করার ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেই পরীক্ষাও চালানো হচ্ছে।  

এক্ষেত্রে বন্ধু ও পরিবারের সদস্যদের পোস্ট বেশি পরিমাণে যেন ফিডে আসে চে ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন পেজ বা গ্রুপের পোস্ট যেন কম আসে সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে ফেবারিট বা স্নুজ করার ফিচারগুলোতেও নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টায় আছে ফেসবুক। এসব ফিচার সেটিংসের সাব মেনুতে থাকে। 

এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, শুরুতে বিশ্বের বেশ কিছু দেশে অল্পসংখ্যক মানুষের উপর এ পরীক্ষা চালান হবে। পরের কয়েক সপ্তাহে সেটা ধীরে ধীরে বাড়ান হবে। নিউজ ফিডের উপর ব্যবহারকারীর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়ার কাজেরই একটি অংশ এটা। যেন ব্যবহারকারী যা দেখতে চায়, তা বেশি বেশি দেখে ও যা দেখতে চায় না, তা কম কম দেখে।