অ্যাপলের এমওয়ান ম্যাকবুকে ওয়ানড্রাইভ সিংকের জন্য নতুন অ্যাপ চালু করেছে মাইক্রোসফট। এখন থেকে উইন্ডোজ চালিত এআরএম ডিভাইসের পাশাপাশি অ্যাপলের ডিভাইসেও ওয়ানড্রাইভ সহজে ব্যবহার করা যাবে। খবর টেকরাডার।
অ্যাপলের সিলিকন ও এআরএম উইন্ডোজ ডিভাইসের জন্য ওয়ানড্রাইভ সিংক অ্যাপ বর্তমানে পাবলিক রিভিউতে রয়েছে। এছাড়া মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপের এক পোস্ট অনুযায়ী, আগামী জানুয়ারির শুরুতে ম্যাকে প্রচলিত ওয়ানড্রাইভ অ্যাপ সবার জন্য উন্মুক্ত করা হবে। যেটি এমওয়ান চিপযুক্ত ম্যাকবুকে চলবে।
এক্স৮৬ আর্কিটেকচারে নির্মিত অন্যান্য চিপের পরিবর্তে অ্যাপলের সিলিকন এমওয়ান চিপ আর্মভিত্তিক আর্কিটেকচারে নির্মিত। এ কারণেই এআরএমের এমওয়ান ম্যাক ও উইন্ডোজ ডিভাইসের জন্য ওয়ানড্রাইভ সিংক অ্যাপের উন্নয়ন করা হয়েছে। এআরএমের উইন্ডোজ ভার্সনে কোয়ালকমের এক্সক্লুসিভ ডিল যখন শেষের দিকে তখন ওয়ানড্রাইভের জন্য এআরএম সাপোর্ট চালু করা হচ্ছে। ফলে শিগগিরই স্যামসাং, মিডিয়াটেক ও অন্যান্য চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এআরএমভিত্তিক ল্যাপটপ উৎপাদন করবে।
নতুন এক ব্লগপোস্টে মাইক্রোসফট জানায়, পাবলিক প্রিভিউয়ে থাকায় উইন্ডোজ ও অ্যাপলের এমওয়ান ম্যাকের ব্যবহারকারীরা এখন ওয়ানড্রাইভ সিংক অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে প্রিভিউ চালুর জন্য ব্যবহারকারীকে প্রথমে প্রতিষ্ঠানের ইনসাইডারস রিংয়ে যুক্ত হতে হবে এবং অ্যাবাউট ট্যাবের নিচে থাকা ওয়ানড্রাইভ সেটিংসে প্রিভিউ চালু করতে হবে।










