ইউক্রেনের বুকা শহরে যুদ্ধাপরাধ সম্পর্কিত ভুয়া তথ্যের ভিডিও প্রকাশ করায় স্ট্রিমিং প্লাটফর্ম টুইচকে ২০ লাখ রুবল বা ৩৩ হাজার ডলার জরিমানা করেছে রাশিয়া। রাশিয়ার এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।
ইউক্রেনে চলমান সামরিক সংঘাতের বিষয়ে ভুয়া তথ্য প্রকাশের পরিপ্রেক্ষিতে এর আগে রাশিয়া গুগল, টুইটার ও উইকিপিডিয়াকেও জরিমানা করার হুমকি দিয়েছিল। কমার্স্যান্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেম লাইভ স্ট্রিমিংয়ের প্লাটফর্মটি ৩১ সেকেন্ডের একটি ভিডিও অপসারণ করতে ব্যর্থ হয়েছে, যেখানে বুকা শহরেরে একটি মেয়ে ছিল। তবে ভিডিওতে কী ছিল বা কী দেখানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অ্যামাজনের মালিকানাধীন প্রতিষ্ঠান টুইচের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন ও মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের উপশহর বুকায় নৃশংসতা চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে অভিযুক্ত করে আসছিল।
আরএআই প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, একটি চ্যানেল মুছে দিতে অপারগতা প্রকাশ করায় টেলিগ্রামকে ১ কোটি ১০ লাখ রুবল বা ১ লাখ ৭৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। চ্যানেলের ভিডিওতে রুশ সেনাবাহিনীর সামরিক যান কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সে বিষয়ে এবং রাশিয়ার অগ্রগতির বিষয়ে ভুয়া তথ্য প্রচার করা হতো।










