গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল জাপানে একটি চিপ কারখানা স্থাপনে যূথবদ্ধ হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। সনি গ্রুপের সঙ্গে ৭০০ কোটি ডলার ব্যয়ে কারখানা নির্মাণের বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে টিএসএমসি। সনি গ্রুপও পৃথক এক বিবৃতিতে জানায়, ওই কারখানায় ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তারা। খবর রয়টার্স।
বিশেষায়িত চিপের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে জাপানের কুমামতোতে কারখানা নির্মাণে কাজ করবে টিএসএমসি ও সনি। এতে সহায়তা দেবে জাপান সরকার। এক সংবাদ বিবৃতিতে কোম্পানিগুলো জানায়, ২০২২ সালে কারখানা তৈরির কাজ শুরু হবে। ২০২৪ সালের শেষের দিকে ওই কারখানায় সেমিকন্ডাক্টর নির্মাণকাজ শুরু হবে।
নতুন এ কারখানাটি ১ হাজার ৫০০ হাই-টেক পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মাসে ৪৫ হাজার ১২ ইঞ্চি ওয়েফার তৈরির সক্ষমতা থাকবে কারখানাটির। বৈশ্বিক চিপ সংকট নিরসনে ২২ ন্যানোমিটার ও ২৮ ন্যানোমিটারের চিপ বিক্রি করবে তারা।










