অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ফ্যামিলি এনগেজমেন্ট টুলস আনার ঘোষণা দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং চ্যাট প্লাটফর্ম স্ন্যাপচ্যাট। কয়েক মাসের মধ্যেই এ টুলস আনা হবে বলে জানা গেছে। খবর আইএএনএস।

চলতি সপ্তাহে ডব্লিউএসজি আয়োজিত লাইভ কনফারেন্সে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এভান স্পিগেল এ টুলস আনা এবং এর ব্যবহার ও বৈশিষ্ট্যের বিষয়ে জানিয়েছিলেন। তার তথ্যমতে, নতুন টুলসটি ফ্যামিলি সেন্টার হিসেবে কাজ করবে। ফলে সন্তানরা কীভাবে প্লাটফর্মটি ব্যবহার করছে, সেটি দেখার পাশাপাশি অভিভাবকরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন।

টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্পিগেল স্ন্যাপচ্যাটের ব্যক্তিগত প্রকৃতির ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট প্রথম থেকেই সুরক্ষিত ছিল, যা এ প্লাটফর্মটিকে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আলাদা করেছে।

নতুন এ টুলসটি ব্যবহারের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের সার্বিক কার্যক্রমের বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। বিশেষ করে তারা কাদের সঙ্গে কথা বলছে সে বিষয়ে এবং তাদের নিরাপত্তার বিষয়ে। গত জুনে স্ন্যাপচ্যাট জানিয়েছিল, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় এমন কিছু আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সে সময় মাদকাসক্তির কারণে অনেক অভিভাবক তাদের সন্তান হারাচ্ছিলেন। সে সময় তারা প্রতিষ্ঠানটিকে থার্ড পার্টি প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দিয়ে আসছিলেন।